দুরন্ত টিভির নতুন সিজনে ৬ নতুন
শিশুদের জন্য বিশেষায়িত এ টেলিভিশনে আগামী ৩০ এপ্রিল থেকে ২৩তম মৌসুমের অনুষ্ঠানের প্রচার শুরু হবে।
কার্টুন, নাটকসহ ছয়টি নতুন অনুষ্ঠান নিয়ে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে ‘দুরন্ত’ টেলিভিশন।
শিশুদের জন্য বিশেষায়িত এ টেলিভিশনে আগামী ৩০ এপ্রিল থেকে ২৩তম মৌসুমের অনুষ্ঠানের প্রচার শুরু হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নাটক ‘পিকলু অ্যান্ড পাই’
মামা ভাগনে পিকলু আর পাই। সারাক্ষণ একসাথে বন্ধুর মত চলে আর গোয়েন্দাগিরি চালায়। মামা সিনেমা বানানোর স্বপ্নে কেবল গল্প লিখে যায় আর ভাগনে পাই সব কেবল অঙ্ক দিয়ে হিসেব করে। পিকলু ও পাই এর মজার সব ঘটনা নিয়ে নতুন নতুন গল্প উঠে আসবে ‘পিকলু অ্যান্ড পাই’ ধারাবাহিক নাটকে।
গৌতম কৈরী পরিচালিত এ নাটকে পিকলু ও পাই চরিত্রে দেখা যাবে মীর নওফেল আশরাফি জিসান ও আরিয়ান মোহাম্মাদ দিহানকে। শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছে উমাইজা শাহিদা আরিশা। এছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছে তানজিদ হোসাইন, আনোয়ার হোসেন চৌধুরী, মৌসুমী নাগ, শাহানা সুমি।
৩০ এপ্রিল থেকে সপ্তাহে প্রতিদিন দুপুর ১২টায় ও রাত ৮টা ৩০ মিনিটে দুরন্ত টিভিতে নাটকটি দেখা যাবে।
গুণীজনের আড্ডা
বিশিষ্ট ব্যক্তিদের সাথে শিশুদের আড্ডার আসর গুণীজনের আড্ডা। শিল্প, সাহিত্য, ক্রীড়া, সংস্কৃতি, রাজনীতিসহ নানান ক্ষেত্রে কৃতী ও বয়ঃজ্যেষ্ঠ ব্যক্তিরাই গুণীজনের অতিথি। এ অনুষ্ঠানে গুণী এইসব মানুষের শৈশব, বেড়ে ওঠা, নিষ্ঠা ও সফলতার গল্প শিশুরা শুনবে, জানবে।
গুণীজনদের অভিজ্ঞতার যে ঋদ্ধ ভাণ্ডার, জীবনকে দেখার যে দৃষ্টিভঙ্গি, সেটাই তুলে আনা হবে গল্পে-কথায়। এর থেকে শিশুরা পাবে প্রেরণা এবং নানা উপদেশ ও উদ্দীপনা।
গুণীজন পরিচালনা করেছেন শাহাদাৎ হোসাইন সেতু ও মোহাম্মদ আবুল খায়ের কমল।
অনুষ্ঠানটি দুরন্ত টিভিতে দেখা যাবে ৫ মে থেকে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৬টায়।
গল্প বলার আসর ‘রঙ বেরঙের গল্প’
শিশুদের গল্প বলার অনুষ্ঠান রঙ বেরঙের গল্প সিজন- ৫ আসছে নতুন সব গল্প নিয়ে।
বাবুই ও লাইট অব হোপের বিভিন্ন বই এর ২৬টি গল্প নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। শিশুদের কাছে অনুষ্ঠানটি আরো গ্রহণযোগ্য করে তুলতে ছবির ভাষাকে চিত্রায়িত করা হয়েছে এনিমেশনের মাধ্যমে।
অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মেহেদী হাসান স্বাধীন। নতুন সিজনে দুরন্ত টিভিতে রঙ বেরঙের গল্প সিজন-৫ অনুষ্ঠানটি দেখা যাবে ৫ মে থেকে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
কার্টুন আঁকার অনুষ্ঠান ‘কার্টুন কার্টুন’
নতুন সিজনে দুরন্ত টিভি নিয়ে আসছে কার্টুন বিষয়ক অনুষ্ঠান ‘কার্টুন কার্টুন’।
অনুষ্ঠানটিতে দেখা যাবে নানান আকৃতি দিয়ে কার্টুন আঁকা, কার্টুন বিষয়ক বিভিন্ন প্রশ্নের সামাধান ও বিখ্যাত কার্টুনিস্টদের সাথে আড্ডা।
পুরো অনুষ্ঠানটি কয়েক ভাগে বিভক্ত করে প্রত্যেকটি ভাগের নাম দেওয়া হয়েছে, যেমন- আইডিয়া, গেইম টাইম ও বিখ্যাত আঁকিয়ে। কমিক্স, ক্যারিকেচার, ক্যারেক্টার ডিজাইন ও এনিমেশনসহ অনুষ্ঠানটি নানান বিষয় তুলে ধরেছে।
এছাড়া বিখ্যাত আঁকিয়েদের সাথে কার্টুন বিষয়ক আড্ডায় আছেন আহসান হাবিব, মেহেদি হক, মোর্শেদ মিশুসহ আরো অনেকে।
সৈয়দ রাশাদ ইমাম তন্ময় পরিচালিত ‘কার্টুন কার্টুন’ অনুষ্ঠানটি দুরন্ত টিভিতে দেখা যাবে ৫ মে থেকে প্রতি শুক্র ও শনিবার রাত ৮টায়।
কার্টুন ‘সুইট লিটল মন্সটার’
টম ও নীনা দুই ভাই-বোন। দুইজন সারাদিন মেতে থাকে দুষ্টুমিতে। কীভাবে একে অপরকে বিরক্ত করবে, খেলায় হারাবে এটাই তাদের সারাদিনের লক্ষ্য। তবে বড় কোন বিপদে দুইজন একসাথেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে।
টম আর নীনার প্রতিদিনের মজার মজার কাণ্ড নিয়ে দুরন্ত টিভির ভাষান্তরিত কার্টুন ‘সুইট লিটল মন্সটার’।
দুরন্ত টিভিতে কার্টুনটি দেখা যাবে ৫ মে থেকে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
