সব্যসাচীর গল্পে প্রসেনজিৎ-ঋত্বিক, সঙ্গে ইশা
চিত্রনাট্য লেখার পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করছেন সব্যসাচী চৌধুরী।
কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘জ্যেষ্ঠপুত্র’ সিনেমার পর ফের বড় পর্দায় একসঙ্গে কাজ করতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋত্বিক চক্রবর্তীর যুগলবন্দি।
কলকাতার সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ জানিয়েছে, পরিচালক সায়ন্তন ঘোষালের নির্দেশনায় ‘জাদুকর সত্যচরণ’ সিনেমায় দেখা যাবে দুই অভিনেতাকে।
সিনেমাটি নিয়ে প্রসেনজিৎ বলেন, “জাদুকর সত্যচরণ আমাকে প্রথম থেকেই আকৃষ্ট করেছে। কারণ সিনেমাটি যে জগৎ তৈরি করেছে এবং তার কেন্দ্রে থাকা রহস্য আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। সত্যচরণ এমন এক চরিত্র, যার নিজস্ব অনেক স্তর রয়েছে।
“গল্প যত এগোবে, দর্শক তার সম্পর্কে অনেক কিছু আবিষ্কার করবেন। সায়ন্তন এবং অসাধারণ শিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কাজটিকে আরও আনন্দদায়ক করে তুলছে।”
সিনেমায় আরও অভিনয় করছেন সাহেব চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, অনিরুদ্ধ গুপ্ত, ইশা সাহা।
চিত্রনাট্য লিখেছেন সব্যসাচী চৌধুরী। একইসঙ্গে সিনেমার কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করছেন। তিনিই সায়ন্তন ঘোষালের রহস্যময় চরিত্র ‘চন্দন’ যাকে ঘিরেই ধীরে ধীরে রহস্য উন্মোচন হবে। অর্থাৎ ‘জাদুকর সত্যচরণ’-এ দ্বৈত ভূমিকায় থাকছেন সব্যসাচী চৌধুরী।
সোমবার মহরতের সময় সামনে এসেছে প্রথম লুক।
রহস্য-রোমাঞ্চের মোড়কে গল্প বুনেছেন পরিচালক সায়ন্তন ঘোষাল। অক্টোবরে সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। বারাণসীর বিভিন্ন জায়গায় হবে ‘জাদুকর সত্যচরণ’ সিনেমার শুটিং।
সিনেমার প্রযোজনার দায়িত্বে রয়েছে ‘স্টারমার্ক সিনেমাস এন্টারটেইনমেন্ট’।
পরিচালক সায়ন্তন ঘোষাল বলেন, জাদুকর সত্যচরণ এমন একটি গল্প যেখানে বাস্তব আর রহস্য এই দুই জগতকেই একসঙ্গে মেলে ধরার চেষ্টা করা হবে। জাদু, অ্যাডভেঞ্চার, অতিপ্রাকৃত উপাদানের মিশেল রয়েছে। তবে এই সিনেমার চরিত্রগুলি এবং তাদের ঘিরে থাকা নানা প্রশ্নই গল্পকে এগিয়ে নিয়ে যাবে।
“এই মুহূর্তে আমরা ইচ্ছাকৃতভাবেই খুব কম তথ্য প্রকাশ করছি। কারণ রহস্যই এই সিনেমার মূলধন। সত্যচরণের মত একটি চরিত্র তৈরি করার সুযোগ পাওয়া এবং একইসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো কাজের সুযোগ পেয়ে আমি আপ্লুত।”
সিনেমার প্রযোজনার দায়িত্বে রয়েছে ‘স্টারমার্ক সিনেমাস এন্টারটেইনমেন্ট’।
