শৈল্পিক উপস্থাপনে ভয়াল ২১ অগাস্ট স্মরণ
শিল্পকলা একাডেমিতে ২১-২৩ অগাস্ট প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
স্থাপনা শিল্প ও পারফরমেন্স আর্টের মধ্য দিয়ে বিভীষিকাময় ২১ অগাস্ট স্মরণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
রোববার সন্ধ্যায় একাডেমির নন্দনমঞ্চের পাশে উন্মুক্ত স্থানে এই প্রদর্শনীর উদ্বোধন হয়।
‘আমাদের কী অপরাধ?’ শীর্ষক পারফরমেন্স আর্টে দেখানো হয় নিরাপরাধ মানুষের মৃত্যু। এছাড়া মানব বন্ধন, ৫ম স্তম্ভ, শহীদের রক্ত শিরোনামের শিল্পকর্মে তুলে ধরা হয় ভয়াল সেই স্মৃতি।
২০০৪ সালের ২১ অগাস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা হয়েছিল।
শেখ হাসিনাকে লক্ষ্য করে চালানো সেই হামলায় আওয়ালী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং বহু আহত হন।
২০১৬ সাল থেকে প্রতি বছর গ্রেনেড হামলার দিনটি স্মরণে আয়োজন করে আসছে শিল্পকলা একাডেমি।
এবারের প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অসীম কুমার উকিল, সংস্কৃতি সচিব মো. আবুল মনসুর। সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
শিল্পকলা একাডেমি জানায়, এই প্রদর্শনী ২১-২৩ অগাস্ট প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
এই প্রদর্শনীর কিউরেটর অভিজিৎ চৌধুরী, কো-কিউরেটর সুজন মাহাবুব ও শুভ্র তালুকদার। ব্যবস্থাপনায় একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম।
