Published : 13 Feb 2023, 10:28 AM
প্রতিযোগিতায় টানা চারমাসের লড়াই-তর্কবিতর্ক এবং নানা নাটকীয়তা পর ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ এ সেরার মুকুট উঠলো র্যাপার এমসি স্ট্যানের মাথায়।
রোববার মুম্বাইয়ে বলিউড তারকা সালমান খানের সঞ্চালনায় এই শোয়ের ষোড়শ সিজনের শেষ পর্ব হয়।
শিরোপা জিতে হায়দরাবাদের তরুণ স্ট্যান জিতে নিয়েছেন ৩১ লাখ ৮০ হাজার রুপি; এছাড়া পেয়েছেন একটি গাড়ি ও ট্রফি।

বিগ বসের এবারের আসরে দ্বিতীয় রয়েছেন শিব ঠাকরে; আর প্রিয়াঙ্কা চাহার চৌধুরী হয়েছেন তৃতীয়।
গত বছরের ১ অক্টোবর বিগ বসের ষোড়শ সিজন শুরু হয় ১৭ প্রতিযোগীকে নিয়ে। সবাইকে পেছনে ফেলে চূড়ান্ত পর্বে পৌঁছায় পাঁচজন। তাদের মধ্যে স্ট্যালিন, শিব ও প্রিয়াঙ্কা ছাড়াও বাকি দুজন হলেন জলে শালিন ভানোত এবং অর্চনা গৌতম। তাদের মধ্যে প্রথমেই বাদ পড়েন শালিন ভানোত।
বরাবরের মত এবারও প্রতিযোগীরা ঝগড়া-তর্ক, কথার মারপ্যাঁচে শো সরগরম রেখেছিলেন। তবে সেসব ছাপিয়ে প্রতিযোগীদের নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ির ঘটনা কয়েকবার উঠে এসেছে সংবাদ শিরোনামে।
সবার মধ্যে অর্চনা গৌতম-এমসি স্ট্যান, টিনা দত্ত-শালিন ভানোত এবং টিনা-সৃজিতার প্রতিযোগীতামূলক দ্বন্দ্বও নজর কাড়ে। তবে শিব ও প্রিয়াঙ্কার মধ্যে লড়াই এমন এমন পর্যায়ে পোঁছায় যে, দর্শকরা ভেবেছিলেন, এই দুজনের মধ্যেই একজন সেরা হবেন। কিন্তু তাদের টপকে উঠে আসেন স্ট্যান।

শিরোপা জয়ী স্ট্যানকেই পারফরমেন্স ও বুদ্ধিদীপ্ত কাজে সবার মধ্যে ‘উজ্জ্বল’ আখ্যায়িত করছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। তবে প্রথম দিকে সহপ্রতিযোগীদের সঙ্গে মানিয়ে চলতে সমস্যা হয়েছিল বলে জানান স্ট্যান।
এমনকি শোটি আদৌ খেলবেন কি না, এমন দোলাচলেও ছিলেন তিনি। সেসময় সালমান তাকে খেলা থেকে বেরিয়ে না যেতে বারবার অনুরোধ করেন এবং সাহস যোগান।
বলা হচ্ছে, স্ট্যান শেষ পর্যন্ত নিজের সম্পর্কে সত্য তথ্য দিয়েছেন, খেলায় জেতার জন্য ব্যক্তিত্বে কোনো পরিবর্তন আনেননি। নিজেকে স্পষ্টভাবে প্রকাশ করার ক্ষমতাকে স্ট্যানের ‘সবেচয়ে বড় প্রতিভা’ ধরা হচ্ছে।
প্রায় এক যুগ ধরে সঞ্চালনা চালিয়ে ‘বিগ বস’ এর জনপ্রিয়তা ধরে রেখেছেন সালমান খান। তবে এবারের শো শুরুর পর তিনি ডেঙ্গুতে আক্রান্ত হলে কয়েকটি পর্ব সঞ্চলনা করেন নির্মাতা ও প্রযোজক করণ জোহর।
তবে গ্র্যান্ড ফিনালেতে সালমানের সাথে ভারতী সিং এবং কৃষ্ণা অভিষেকও মঞ্চে ছিলেন। অতিথি হয়ে এসেছিলেন অভিনেতা সানি দেওল এবং এক সময়ের নায়িকা আমিশা প্যাটেল।