২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

জ্বর-ঠান্ডা কমছেই না পরীমনির

ঠান্ডা-জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চার দিন ধরে ভর্তি আছেন পরীমনি

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2023, 04:30 PM

Updated : 16 Oct 2023, 04:35 PM

দুই বছর বিরতির পর অভিনয়ে ফিরে ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন পরীমনি। কিন্তু একটানা শুটিং করেও কাজ শেষ করতে পারেননি হঠাৎ করে জ্বর হওয়ায়। আর সেই জ্বরও কমছে না ঢাকাই সিনেমার আলোচিত এই নায়িকার।

ঠান্ডা-জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চার দিন ধরে ভর্তি আছেন বলে গ্লিটজকে জানিয়েছেন পরীমনি।

সোমবার পরীমনি গ্লিটজকে বলেন, “ঠাণ্ডা লেগেছে এবং জ্বর। অনেক বেশি ভোগাচ্ছে। ঠাণ্ডাটা কোনোভাবেই কমছে না “

ফেইসবুকে এই নায়িকা আরও জানিয়েছিলেন, তার রক্তচাপের মাত্রা কমে গিয়েছিল আর বেড়েছিল জ্বর। সব পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকের কথামত বাসায় না থেকে হাসপাতালে ভর্তি হয়ে যান তিনি।

হাসপাতালে পরীমনির সঙ্গে আছে এক বছর বয়সী ছেলে রাজ্য। ভর্তি হওয়ার পর হাসপাতালে ছেলের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন ফেইসবুকে। ক্যাপশনে এক বছরের ছেলেকে উদ্দেশ্য করে লিখেছেন, “আমার জীবনের শান্তি! I'm blessed to have you Bajaan! আলহামদুলিল্লাহ। হঠাৎ জ্বর নিয়ে হসপিটালে ভর্তি হতে হল। দোয়া করবেন।“

গেল জুলাই মাসে রাজ্যর জ্বরের কারণে ছেলেকে নিয়ে হাসপাতালে কয়েকদিন ছিলেন এই নায়িকা।

সন্তান জন্মের কারণে প্রায় দুই বছর শুটিং থেকে দূরে ছিলেন পরীমনি। মাঝে পারিবারিক কারণে বহুবার আলোচনায় এসেছেন। সম্প্রতি স্বামী শরিফুল রাজকে তালাকের চিঠি পাঠিয়েও আলোচনার জন্ম দিয়েছেন।

কিছুদিন আগে বিরতি ভেঙে ফের শুটিং সেটে ফিরেছেন এই নায়িকা। এই অধ্যায়কে পরীমনি মনে করছেন, তার জীবনের দ্বিতীয় ইনিংস।

চলতি মাসের শুরুর দিকে ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন পরীমনি। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ প্রযোজিত সিনেমাটি পরিচালনা করছেন রেজা ঘটক।

আগামীতে ‘রঙিলা কিতাব’ নামের একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’ থেকে অনুপ্রাণিত হয়ে সিরিজের চিত্রনাট্য লিখেছেন পরিচালক অনম বিশ্বাস।

এছাড়া ‘খেলা হবে’ নামের একটি সিনেমাকেও চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। এই সিনেমায় পরীমনির সঙ্গে কাজ করছেন শবনম বুবলী।