১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পর্দার ৫ মাকে নিয়ে প্রসেনজিতের স্মৃতিচারণ

এই পাঁচ মা হলেন- বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, লিলি চক্রবর্তী, অনামিকা সাহা ও লাবণী সরকার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2024, 08:18 PM

Updated : 26 Aug 2026, 09:48 AM

সাড়ে পাঁচ দশকের অভিনয় জীবনে কলকাতার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পর্দায় যাদেরকে মা হিসেবে পেয়েছেন, তাদের সবাইকে এক অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে স্মৃতিচারণ করেছেন।

এই পাঁচ মা হলেন– বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, লিলি চক্রবর্তী, অনামিকা সাহা ও লাবণী সরকার। তাদের মধ্যে বয়সে লাবনী সরকার সবচেয়ে ছোট। 

চলচ্চিত্রে প্রসেনজিতের যাত্রা শুরু ১৯৬৮ সালে

চলচ্চিত্রে প্রসেনজিতের যাত্রা শুরু ১৯৬৮ সালে

সংবাদ প্রতিদিন লিখেছে, কলকাতার নন্দন ফিল্ম সেন্টারে ‘অযোগ্য’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে এই পাঁচ মাকে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রসেনজিৎ। 

তারকা অভিনেতা সেদিন বলেন, “আমার রূপালি পর্দার সব মায়েদের আশীর্বাদ নিয়ে আজ আমি অযোগ্য থেকে যোগ্য।”

প্রসেনজিতের চলচ্চিত্রে যাত্রা শুরু মাধবী মুখোপাধ্যায়ের সঙ্গে ‘ছোট্ট জিজ্ঞাসা’ সিনেমায়। ১৯৬৮ সালে মুক্তি পাওয়া হৃষিকেশ মুখার্জির পরিচালনায় ওই সিনেমা করার সময় প্রসেনজিতের বয়স ছিল ছয় বছর। 

শকুন্তলা বড়ুয়ার সঙ্গে প্রসেনজিতের সুপারহিট সিনেমা ‘অমর সঙ্গী’ জড়িত। আশির দশকের ওই সিনেমা এ অভিনেতাকে পৌঁছে দেয় নানা শ্রেণির দর্শকদের কাছে। 

প্রসেনজিতের মায়ের চরিত্রে লিলি চক্রবর্তীকেও দেখা গেছে। ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’ সিনেমায় তিনি প্রসেনজিতের মা হয়েছিলেন। 

‘ছোট্ট জিজ্ঞাসা’ সিনেমায় মাধবী মুখোপাধ্যায়ের সঙ্গে প্রসেনজিৎ

‘ছোট্ট জিজ্ঞাসা’ সিনেমায় মাধবী মুখোপাধ্যায়ের সঙ্গে প্রসেনজিৎ

কয়েকটি সিনেমায় অনামিকা সাহা কেবল প্রসেনজিতের মা নয়, শাশুড়ির চরিত্রেও অভিনয় করেছেন। 

পঞ্চম মা হলেন লাবণী সরকার। বয়সে লাবণী ও প্রসেনজিৎ কাছাকাছি। এই মাকে নিয়ে প্রসেনজিৎ বলেন, “শুটিংয়ে শটের সময় আমি লাবণীর পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। আবার শট শেষ হয়ে গেলে লাবণী আমায় প্রণাম করে নিতেন।”