Published : 05 Sep 2026, 03:23 PM
অভিনেত্রী দিলারা জামান বর্তমানে রাজধানীর উত্তরায় নিজের কেনা ফ্ল্যাটেই ‘স্বস্তিতে ও শান্তিতে দিন কাটাচ্ছেন’। দেড় যুগের বেশি ধরে তিনি নিজের ফ্ল্যাটেই থাকছেন বলেও জানিয়েছেন তিনি।
তার বাড়ি নিয়ে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ফটোকার্ড ও ভিডিও ঘিরে বিভ্রান্তি দূর করতে তিনি এ কথা জানিয়েছেন গ্লিটজকে।
পাশাপাশি এ ধরনের ভিডিও থেকে ফটোকার্ড তৈরির ঘটনায় বিরক্তিও প্রকাশ করেন বর্ষীয়ান অভিনেত্রী।
তিনি বলেন, "আমি আমার নিজ ফ্ল্যাটে থাকি, স্বস্তিতে ও শান্তিতে। এখানে (উত্তরা) ১৮ বছর ধরে থাকছি।"
ফেইসবুক ছড়িয়ে পড়া ফটোকার্ডে দেখা যায়, দিলারা জামান বলেছেন, "বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি করেছিলাম। দেনা শোধ করতে বাড়ি ভাড়া দিয়েছিলাম, কিন্তু ভাড়ার টাকা পাইনি। একপর্যায়ে ভাড়াটে বাড়ি দখল করে নেয়। এখন ছোট্ট পাখির মতো বাসায় ভাড়া থাকি।"
এই ফটোকার্ড সোশাল মিডিয়ায় ছড়িয়েছে শুক্রবার সকাল থেকে। তাতে ব্যাপক আলোচনার জন্য জন্ম হয়। উদ্বিগ্ন হয়ে পড়েন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
এই বিভ্রান্তি নিয়ে দিলারা জামান বলেন, "বাড়ি দখলের ঘটনাটি তা প্রায় দুই যুগ আগের। তখন দুই মাসের মধ্যে সমাধান হয়ে গিয়েছিল।”
ঘটনার পেছনের ইতিহাস জানিয়ে এই অভিনেত্রী বলেন, ঢাকার শ্যামলীতে তার বাবার দেওয়া ছয় কাঠা জমিতে ধারদেনা করে একটি ঘর তুলেছিলেন তিনি। পরবর্তীতে ভাড়ার টাকা না দিয়ে ভাড়াটিয়া সেটি দখল করে নেয়।
তবে জমির সমস্ত কাগজপত্র সঠিক থাকায় আদালতের মাধ্যমে মাত্র দুই মাসের মধ্যেই তিনি নিজের জমির আইনি দখল বুঝে পান বলে জানিয়েছেন।
জমি উদ্ধারের পর ২০০৮ সালে সেটি বিক্রি করে উত্তরায় ফ্ল্যাটটি কেনেন দিলারা জামান। সেখানেই তিনি বসবাস করছেন। তার দুই মেয়ে দেশের বাইরে থাকে।
স্কুলের মঞ্চ দিয়ে শুরু, তারপর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান, রেডিও এবং টেলিভিশন ও চলচ্চিত্রের বড় পর্দাজুড়ে অভিনেত্রী দিলারা জামানের অভিনয় জীবন চলেছে ছয় দশকের বেশি সময় ধরে।
কাজের স্বীকৃতিতে পেয়েছেন একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
৮৪ বছর বয়সেও কাজে নিয়মিত এই অভিনেত্রী গ্লিটজের এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি আমৃত্যু অভিনয় করে যেতে চান।