১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চরিত্র চ্যালেঞ্জিং, পরিবেশ দারুণ, গল্পও মনের মত: এত কথা কেন বললেন জাহিদ

জাহিদ ও রাজ একসঙ্গে শেষ কাজ করেছেন আট বছর আগে।

চরিত্র চ্যালেঞ্জিং, পরিবেশ দারুণ, গল্পও মনের মত: এত কথা কেন বললেন জাহিদ
‘পথহারা মন’  নাটকের অভিনয়শিল্পীরা। ছবি: পরিচালকের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2026, 05:05 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

অভিনেতা জাহিদ হাসান এবং পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ একসঙ্গে নতুন একটি কাজ করেছেন আট বছর পর।

রাজের পরিচালনায় ‘পথহারা মন’ শিরোনামের নাটকে পাওয়া যাবে জাহিদ হাসানকে। ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন এবং মানুষের আবেগ নাটকের মূল উপজীব্য। 

এই নাটকে আরও অভিনয় করেছেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী ও দীপা খন্দকার, এজাজুল ইসলাম ও মনিরা আক্তার মিঠু।

বিজ্ঞপ্তিতে রাজ জানিয়েছেন, দর্শক যেন নিজেদের জীবনের কিছু মুহূর্ত এই নাটকে খুঁজে পান, সেভাবেই গল্পটি লেখা। 

জাহিদ হাসানকে নিয়ে সর্বশেষ ২০১৮ সালে ‘ছেলেমানুষি’ নামে সাত পর্বের একটি ধারাবাহিক নাটক পরিচালনা করেন রাজ। এরপর দীর্ঘ বিরতি। 

জাহিদ হাসানকে নিয়ে রাজ বলেন, "দীর্ঘদিন পর জাহিদ ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে আমি খুব আনন্দিত। তার অভিনয় দক্ষতা নাটকটিকে অন্য মাত্রা দিয়েছে। একই সঙ্গে অভিজ্ঞ ও তরুণ শিল্পীদের সমন্বয়ে দারুণ একটি টিম পেয়েছি।" 

‘পথহারা মন’ নিয়ে জাহিদ হাসান বলেন, "রাজের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা সবসময়ই ভালো। অনেকদিন পর আবারও তার পরিচালনায় কাজ করছি, এটা আমার জন্য আনন্দের। গল্পটি খুব আন্তরিক। আমার অভিনীত চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। শুটিংয়ের পরিবেশও দারুণ।" 

ঢাকার উত্তরায় গত ১০ জুলাই থেকে ‘পথহারা মন’ এর দৃশ্যধারণ চলছে, মঙ্গলবার শেষ হবে কাজটি। 

এই নাটকের গল্প লিখেছেন জাকিয়া হোসেন তৃষা। পাণ্ডুলিপি তৈরি করেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ। শিগগিরই সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।