২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

এক দশক পর ফের হিরানির ছবিতে আমির

শাহরুখ খানকে নিয়ে ‘ডানকি’ সিনেমার কাজ শেষ হওয়ার পর আমিরকে নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়বেন হিরানি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2023, 12:45 PM

Updated : 05 Jul 2023, 03:43 PM

বলিউডে ‘থ্রি ইডিয়টস’ এবং ‘পিকে’র মত তুমুল জনপ্রিয় সিনেমা উপহার দেওয়া নির্মাতা-অভিনেতা জুটি রাজকুমার হিরানি এবং আমির খান এক দশক পর ফের নতুন একটি কাজে হাত দিতে চলেছেন।

সিনেমার কাহিনী বা নামধামের কোনো খবর না জানা না গেলেও টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, একটি বায়োপিকে হিরানি ও আমির একসঙ্গে কাজ করবেন। এ নিয়ে প্রাথমিক কথাবার্তাও হয়ে গেছে দুজনের।

তবে এখনই নয়, শাহরুখ খানকে নিয়ে ‘ডানকি’ সিনেমার কাজ শেষ হওয়ার পর আমিরকে নিয়ে কাজে নামবেন হিরানি।

বন্ধুত্বের নতুন সংজ্ঞা তৈরি করা বলিউডে দারুণ জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’, যা মুক্তি পায় ২০০৯ সালে।

চেতন ভগতের উপন্যাস অবলম্বনে হিরানি তার ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রদের শিক্ষাজীবনের চড়াই-উতরাই ফুটিয়ে তুলেছিলেন। ওই সিনেমার তিন বন্ধু রাঞ্ছোড় দাস, ফারহান কুরেশি ও রাজু রাস্তোগির চরিত্রে অভিনয় করেন আমির খান, মাধবান আর শারমান যোশি।

সিনেমা মুক্তির ১৪ বছর পরও তিন বন্ধু দারুণ জনপ্রিয়; জনপ্রিয় ছবির ‘অল ইজ ওয়েল’ শিরোনামের গানটিও।

আর ‘পিকে’ পর্দায় আসে ২০১৪ সালে। যে সিনেমায় আমির খানের পৃথিবী থেকে অন্য কোথাও চলে যাওয়ার শেষ দৃশ্য নিয়ে হাহাকার ছিল দর্শকদের মধ্যে।

হিরানির বর্তমান ব্যস্ততা ‘ডানকি’ নিয়ে। এই সিনেমায় শাহরুখের সঙ্গে তাপসী পান্নু এবং ভিকি কৌশল কাজ করছেন, যা মুক্তি পাবে বছর শেষের মাসে।

আর ‘লাল সিং চাড্ডা’র পর বিরতিতে থাকার কথা বললেও মূলত নতুন নতুন কাজের পরিকল্পনা ও রোডম্যাপ তৈরিতে ব্যস্ত আছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পিওনিস’ এর উপর ভিত্তি করে এর হিন্দি রিমেক বানাতে চলেছেন আমির। যার মূল চরিত্রে প্রথমে সালমান খানকে ভেবে রাখা হলেও, ভাইজান পরে আপত্তি জানান। এখন ‘চ্যাম্পিয়নসে’ সালমানের জায়গায় রণবীর কাপুরকে যোগ্য ভাবছেন আমির।