একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া
“মা হওয়ার পরে জীবনের গতি অনেক কমেছে।”
মা হওয়ার পর বদলে যাওয়া জীবনে কাজের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন হিন্দি সিনেমার এ প্রজন্মের অভিনেত্রী আলিয়া ভাট।
আগে বছরের দুটি থেকে তিনটি সিনেমার কাজ হাতে নিলেও, সেখান থেকে সরে আসার কথা জানিয়েছেন বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের পুত্রবধূ আলিয়া।
টাইমম অব ইন্ডিয়া লিখেছে, গেল ১৩ বছর ধরে বলিউডে কাজ করছেন আলিয়া। এখন তার ব্যস্ততা দুইটি সিনেমা ঘিরে; যা মুক্তি পাবে এই বছরে। সেগুলোর একটি ‘আলফা’, যেখানে আলিয়া ও অভিনেত্রী শর্বরী অভিনয় করছেন। সিনেমাটি পরিচালনা করেছেন শিব রাওয়াইল।
আরেকটি সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’। এই সিনেমায় আলিয়া জুটি বেঁধেছেন স্বামী রাণবীর কাপুরের সঙ্গে। সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ভিকি কৌশলও।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া তার নতুন সিদ্ধান্তের কথা বলেছেন।
কাজের গতি নিয়ে তিনি বলেন, “এখন আমার কাজ এবং গতি আলাদা। কারণ, আমার একটি সন্তান আছে। আগে একসঙ্গে দুই থেকে তিনটি সিনেমা করতাম। সেটাই খুব স্বাভাবিক বলে মনে হত। মা হওয়ার পরে জীবনের গতি অনেক কমেছে। এখন আর তা করতে চাই না।”
অভিনেত্রীর কথায়, “আমি আসলে ক্যারিয়ারকে মাইলফলক হিসেবে দেখি না। আগে যেভাবে সিনেমা বেছে নিতাম, এখন ঠিক একই ভাবে সিনেমা বেছে নিই। একটু অন্যরকম কিছু করার চেষ্টা করি। নতুন চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করি।”
সন্তানের জন্মের পর অ্যাকশন দৃশ্যে অভিনয় করা তার জন্য বড় এক শেখার অভিজ্ঞতা ছিল বলে জানিয়েছেন আলিয়া।
তাই ‘আলফা’ তার কাছে বিশেষ।
আলিয়া বলেন, “এই সিনেমায় কাজের মাধ্যমে আমি বুঝতে পেরেছি আমার শরীর এই ধরনের দৃশ্যে অভিনয় করতে কতটা সক্ষম।”
‘লাভ অ্যান্ড ওয়ার’ প্রসঙ্গে আলিয়া বলেন, এটি তার কাছে ‘খুবই বিশেষ’ একটি সিনেমা।
আলিয়ার ভাষ্য, “এটি সেই বিরল সিনেমাগুলোর একটি, যার কাজ করতে গিয়ে কখনো ক্লান্তি আসে না। বরং শুটিং সেটে আরও বেশি সময় কাটানোর ইচ্ছা করে।”
‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার কাজ আলিয়ার জন্য সৃজনশীলভাবে অত্যন্ত তৃপ্তিদায়ক বলেও মন্তব্য করেছেন তিনি।
