২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

মুক্তির প্রস্তুতিতে ইমন সাহার ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’

গ্রামের বাউল ঘরের এক মেয়ের মিউজিক্যাল জার্নি নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2025, 12:20 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা নির্মাণ করেছেন মিউজিক্যাল ফিল্ম ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’। 

সিনেমাটি মুক্তির প্রস্তুতিতে আছে বলে জানিয়েছেন এই সুরকার।

ইমন সাহা গ্লিটজকে বলেন, "গেল অগাস্টে সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি। আমাদের সিনেমা মুক্তির প্রস্তুতি চলছে। নভেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পেতে পারে। তবে এখনো তারিখ চূড়ান্ত হয়নি।"    

গ্রামের বাউল ঘরের এক মেয়ের সংগীত যাত্রা নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। গানের জন্য গ্রাম থেকে শহরে আসা সেই মেয়েটির জীবনের নানা সংগ্রামের গল্প দেখা যাবে এতে।  

ইমন সাহা বলেন, "বাউল পরিবারে জন্ম হয় এক মেয়ের, সে ফোক গান, মাটির গান করে সে। এক সময় তাকে উৎসাহ দেওয়া হয় গ্রাম থেকে বের হয়ে এসে বড় পরিসরে গান করার। কিন্তু শহরে এসে মেয়েটি জৌলুস, যশ ও জনপ্রিয়তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এসব করতে গিয়ে তার ভেতরের গানের সত্তাটা সে হারিয়ে ফেলে। জাগতিক ও আধ্যাত্মিক জার্নির একটা সম্পর্ক দেখানো হয়েছে সিনেমায়।”

'সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি সিনেমায়' অভিনয় করেছেন সাইমন সাদিক, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালামসহ অনেকে। 

এই ফিচার ফিল্মের দৃশ্যধারণ করা হয় গত বছর।    

কিংবদন্তি সংগীত পরিচালক ও প্রযোজক সত্য সাহার ছেলে ইমন সাহা। সত্য সাহাও সংগীতের পাশাপাশি বেশ কিছু সিনেমাও প্রযোজনা করেছেন।