১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নজরুল বিশ্ববিদ্যালয়ের মঞ্চে ‘মদিনার বিষাদ’

অভিনয় করেছেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2025, 09:08 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

মীর মশাররফ হোসেন রচিত ‘বিষাদ সিন্ধু’ অবলম্বনে মঞ্চে এসেছে নতুন নাটক ‘মদিনার বিষাদ’। 

ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ মঞ্চে এনেছে এ নাটকটি।

রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের জিয়া হায়দার থিয়েটার ল্যাবরেটরিতে এ নাটকের প্রদর্শনী হয়। নাটকের সম্পাদনা ও নির্দেশনা দিয়েছেন বিভাগের শিক্ষক সৈয়দ মামুন রেজা।

ইসলাম ধর্মের সবশেষ নবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হযরত ইমাম হাসানকে বিষ প্রয়োগে হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে নির্মিত এই নাটকে অভিনয় করেছেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা। 

নাটকের নির্দেশক মামুন রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, সোমবার সন্ধ্যায় একই স্থানে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী হবে। 

নাটকের গল্পে দেখা যায়- ইমাম হাসানের স্ত্রী জায়েদা অর্থের লোভে ও মায়মুনার প্ররোচনায় পরপর তিন বার নিজ স্বামীকে বিষ খাওয়ান। টানা চল্লিশ দিন বিষের যন্ত্রণায় নিদারুণ কষ্ট ভোগ করে ইমাম হাসান শাহাদাত বরণ করেন।

মৃত্যুর পূর্বেই জায়েদাকে ক্ষমা করে দেন এবং জায়েদা তাকে বিষ পান করিয়েছেন, তা কারো কাছে বলেননি। 

এদিকে ইমাম হাসানের শত্রু এজিদ সহস্র স্বর্ণমুদ্রা পুরস্কার ও নিজের স্ত্রী হিসেবে মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও জায়েদাকে হত্যা করেন। লোভের বশবর্তী হয়ে স্বামীর প্রাণ হরণকারী জায়েদা শেষ পর্যন্ত নিজের প্রাণও বিসর্জন দেন। 

এই নাটকের পোশাক ও আলোক পরিকল্পনা করেছেন বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত শারমিন। সংগীত পরিকল্পনায় ছিলেন শিহাব, অনিক ও হিমু।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া নূরুদ্দিন, ইমাম মাহাদী, মাঈশা, প্রিয়া, আলভি মাহমুদ, ত্রিপুরা ডানা, সজীব, সানী, রিয়া মহন্ত।