১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শৈশবের ভীতি আর অপরাধবোধ, আসছে টেলিফিল্ম ‘অন্তরালে’

আপাতদৃষ্টিতে এটি একটি ত্রিভূজ প্রেমের গল্প মনে হলেও, এর গভীরে রয়েছে একটি চরিত্রের জটিল মনস্তাত্ত্বিক বিশ্লেষণ।

শৈশবের ভীতি আর অপরাধবোধ, আসছে টেলিফিল্ম ‘অন্তরালে’
‘অন্তরালে’ টেলিফিল্মের দৃশ্য। ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2026, 11:40 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

মনস্তাত্ত্বিক টানাপোড়েন, শৈশবের ভীতি ও অপরাধবোধের জটিল মনস্তত্ত্ব নিয়ে নির্মিত টেলিফিল্ম ‘অন্তরালে’ ফের ছোটপর্দায় আসছে। 

রাফাত মজুমদার রিংকুর রচনা ও পরিচালনায় টেলিফিল্মটি চলতি বছরের রোজার ঈদ ঘিরে প্রচারে এসেছিল। এটি আবার দেখা যাবে চ্যানেল আইয়ে। 

বিজ্ঞপ্তিতে স্টেশনটি জানিয়েছে, বুধবার বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘অন্তরালে’। 

এই টেলিফিল্মে মূল তিনটি চরিত্রে অভিনয় করেছেন আইশা তাহিয়া, ফারহান আহমেদ জোভান ও তানজিকা আমিন। 

টেলিফিল্মটির গল্প গড়ে উঠেছে ‘সাগর’ নামের একটি চরিত্রকে কেন্দ্র করে। আপাতদৃষ্টিতে এটি একটি ত্রিভূজ প্রেমের গল্প মনে হলেও, এর গভীরে রয়েছে একটি চরিত্রের জটিল মনস্তাত্ত্বিক বিশ্লেষণ।  

গল্পে দেখা যাবে, সাগরের অবচেতন মনে জমাট বেঁধেছে দীর্ঘদিনের হীনম্মন্যতা ও ক্ষোভ। শৈশবে চোখের সামনে বাবাকে বিনা চিকিৎসায় মারা যেতে দেখা এবং দারিদ্র্য ও সমাজের অবহেলার শিকার হয়ে সে আক্রান্ত হয় মনের অসুখে।

মনস্তাত্ত্বিক এই ট্রমার কারণে সাগরের মধ্যে এক ধরনের বিকৃত মানসিকতার জন্ম নেয়। সে মনে করে, সমাজে একজন ব্যর্থ সাধারণ মানুষ হিসেবে টিকে থাকার চেয়ে নিজেকে একজন ‘ভয়ংকর খুনি’ হিসেবে প্রতিষ্ঠা করা অনেক বেশি শক্তিশালী পরিচয়। নিজেকে গুরুত্বপূর্ণ প্রমাণ করতে সে ‘অপরাধ’কেই বেছে নেয় নিজের ঢাল হিসেবে।

প্রথম প্রচারের পর নাটকটি থ্রিলারপ্রেমী দর্শকদের মাঝে সাড়া ফেলেছিল। 

পুনঃপ্রচার নিয়ে পরিচালক রিংকু গ্লিটজকে বলেন, "নাটকটি প্রথমবার প্রচারের পর দর্শকরা গল্পটি বেশ পছন্দ করেছিলেন। আবারও এটি টিভিতে প্রচারিত হচ্ছে জেনে ভালো লাগছে। আশা করি নতুন দর্শকরাও নাটকটি উপভোগ করবেন।"