Published : 01 Dec 2025, 05:08 PM
দীর্ঘদিন সেন্সর জটিলতায় আটকে থাকা রায়হান রাফীর 'অমীমাংসিত' নামের ওয়েব ফিল্মটি এবার মুক্তি পেতে যাচ্ছে।
ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন ফেইসবুকে এক পোস্টে লিখেছে, "সত্যের খোঁজে দুইজন সাংবাদিক, রহস্যের জট আরও গভীর হবে 'অমীমাংসিত' ওয়েব ফিল্মে। বৃহস্পতিবার থেকে আইস্ক্রিনে দেখা যাবে সিনেমাটি।"
প্রকাশ্যে এসেছে সিনেমার ৩৬ সেকেন্ডের এক টিজারও। যেখানে হত্যাকাণ্ডের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখিত সংলাপ আকারে তুলে ধরা হয়েছে।
সেখানে বলা হয়েছে ‘খুনগুলো হয়েছে আনুমানিক রাত দেড়টা থেকে ২টার মধ্যে। ধারণা করছি, এটা কোনো চুরি–ডাকাতির কেস’; ‘সাংবাদিক, প্রতিবেশী, আত্মীয়স্বজন সবাই ক্রাইম জোনের আলামত নষ্ট করেছে। আমার করার কী ছিল?’; ‘ওদের কেউ মারেনি। ওরা নিজেরাই নিজেদের খুন করেছে’; ‘এটা নিশ্চিত পরকীয়া কেস! নইলে সেদিন’–এমন সব সংলাপ। তদন্তকারী প্রত্যেকের চোখে কালো কাপড়ে ঢাকা।
'অমীমাংসিত' সিনেমার গল্পের সঙ্গে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের মিল থাকায় মুক্তির ঘোষণা আসার পর বিগত আওয়ামী লীগ সরকারের সময় চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটি আটকে দেয়।
২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি ‘অমীমাংসিত’ সিনেমার প্রথম টিজার প্রকাশিত হয়। নির্মাতা রায়হান রাফী ফেইসবুকে লিখেছিলেন ‘কারা খুন করল অর্ণব আর নীরুকে? মুখোশধারী লোকগুলো কারা? এই অমীমাংসিত রহস্যের আদৌ কী জট খুলবে?’
ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে ওই বছর ২৯ ফেব্রুয়ারি ‘অমীমাংসিত’ সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছিলেন রাফী। কিন্তু সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে সিনেমার গল্প মিলিয়ে আলোচনা শুরু হলে ১৯ ফেব্রুয়ারি সিনেমাটি সেন্সরবোর্ডে জমা দিতে নির্দেশ দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়, “কোনো চলচ্চিত্র যে কোনো মাধ্যমে প্রচারের পূর্বে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের নিকট হতে সার্টিফিকেশন গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।”
ওটিটি প্লাটফর্মে সিনেমা মুক্তির ক্ষেত্রে সেন্সর বোর্ডের অনুমতির দরকার হয় কিনা, তা নিয়েও প্রশ্ন ওঠে সে সময়।
এরপর নানা জটিলতা পেরিয়ে চলতি বছরের জুলাইয়ে সিনেমাটি মুক্তির অনুমতি মেলে।
সিনেমার দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, মনোজ প্রামাণিকসহ অনেকে।