Published : 03 Sep 2026, 10:05 PM
পশ্চিমবঙ্গের ‘দেশু ৭’ চলচ্চিত্রটি দীপক অধিকারী দেব এবং শুভশ্রীর গাঙ্গুলিকে ঘিরে হলেও এর প্রচার ঝলকে চমকে দিয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।
‘দেশু’ জুটিকে নিয়ে যত না চর্চা, তার থেকেও বেশি আলোচনায় এসেছেন ‘খোকা’ চরিত্রের অনির্বাণ।
অভিনেতার ‘ভিলেন’ লুক দেখে অনুরাগীদের ভাষ্য প্রত্যাবর্তনে ঝড় তুলেছেন তিনি।
‘সংবাদ প্রতিদিন’ জানিয়েছে, বছরখানেক ধরে টলিউডে ‘নিষিদ্ধ’ অনির্বাণ ভট্টাচার্যকে ফেরাতে যারপরনাই কষ্ট করেছেন দেব। অভিনেতার সেই সংগ্রাম আলোর মুখ দেখে পশ্চিমবঙ্গ রাজ্যে তৃণমূল কংগ্রসের বিদায়ের পর।
বিরতি শেষে ‘দেশু ৭’ দিয়ে সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন অনির্বাণ।
ওই নিসেমায খল চরিত্রের ভূমিকায় অনির্বাণের যে ছবি সামনে এসেছে, তাতে নজরে পড়েছে তার লালচে-সোনালি চুল। চোখে লাল গ্লাসের চশমা।
‘দেশু ৭’ সিনেমায় প্রযোজনা ও অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন দেব।
বছরখানেক ধরে ডিরেক্টরস গিল্ড ও টেকনিশিয়ান ফেডারেশনের দ্বন্দ্বে পর্দা থেকে বাইরে থাকতে হয়েছে অনির্বাণকে। এই অভিনেতার কাজের সুযোগ করে দিতে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং দেব একাধিকবার সরব হয়েছেন, উদ্যোগও নিয়েছেন, কিন্তু তাতে কাজ হয়নি।
গেল বছরের শেষের দিকে অনির্বাণ বলেছিলেন, “তার কাছে কোনো কাজের প্রস্তাব আসেনি। 'রঘু ডাকাতে' অভিনয়ের পর থেকে আমার হাতে আর কোনো অভিনয়ের কাজ নেই। সেক্ষেত্রে এখন কোনো অসুবিধা হচ্ছে না।
"কিন্তু এবার যদি দেখা যায় যে আরও ৩ মাস পর বা ৬ মাস পরও কেউ আমাকে অভিনয়ের জন্য ডাকছেন না, তখন নিশ্চয় আমার মনে একটা প্রশ্ন উদয় হবে যে, তাহলে মনে হয় আমার ঘটি মাটি সব হাওয়া করে দেওয়া হল। মানে আমার অভিনয়ও বন্ধ হয়ে গেল।”
এমনকি তার 'হুলিগানিজম' ব্যান্ডের নতুন মিউজিক ভিডিও করতে গিয়েও বাধার মুখে পড়ার অভিযোগ তুলেছিলেন তিনি।
ওই সময়ের প্রসঙ্গে দেব বলেন, “অনির্বাণ আমাকে ফোন করেছিল একদিন। তখন ও আমাকে একটা কথা বলেছিল, ‘বেঁচে আছি ভাই।’ আমি বলেছিলাম, ‘ভাই তোকে মরতে দেব না। না পথে, না পেটে। আমাকে জাস্ট একমাস সময় দে। অনির্বাণ হচ্ছে সুপার ট্যালেন্টেড। ও আমাদের সম্পদ। বুঝতে হবে, ক্যারিয়ারে মধ্যগগনে একটা মানুষের যোগ্যতা থাকা সত্ত্বেও বসিয়ে রাখা হয়, সেটা উচিত নয়।”
দেব জানিয়েছেন ‘দেশু ৭’ কেবল একটি প্রেমের গল্প নয় বরং অ্যাকশন, এবং ড্রামায় ভরপুর একটি সিনেমা।
এই সিনেমা দিয়ে একসময় টলিউড বক্স অফিসে ঝড় তোলা ‘দেব-শুভশ্রী’ জুটি দীর্ঘদিন পর ফিরছেন এক পর্দায়।
'ব্যান কালচার' উড়িয়ে ফ্লোরে অনির্বাণ, দেবের পরিচালনায় শুরু 'দেশু ৭'