Published : 17 Jul 2026, 08:50 PM
সাধারণত সিনেমার শুটিং ছাড়া কলকাতায় দেখা যায় না বলিউডের বাঙালি পরিবারের মেয়ে অভিনেত্রী কাজলকে।
আনন্দবাজার জানিয়েছে, শুক্রবার কাজলকে দেখা গেছে শহরের দক্ষিণেশ্বরে। হাতে পূজার ডালা হাতে ক্যামেরায় ধরা পড়ছেন অভিনেত্রী।
ছবিতে দেখা গেছে কাজল পরেছেন লাল কুর্তা, কপালে লাল টিপ, চোখে সানগ্লাস। তারকাকে কাছ থেকে দেখতে অনেকে ভিড় জমান তার পাশে। কেউ সেলফি তোলারও চেষ্টা করেন। পরিস্থিতি সামাল দিয়ে দেহরক্ষীরা অভিনেত্রীকে ভেতরে নিয়ে যান। মন্দিরে পূজা দিয়ে আবার গাড়িতে উঠে ফিরে যান কালজ।
তনুজাকন্যা কলকাতায় পা রেখেছেন বৃহস্পতিবার। কী কারণে কাজল হঠাৎ কলকাতায়? বিমানবন্দরে বারবার এই প্রশ্নের সম্মুখীন হলেও মুখে কুলুপ এঁটে ছিলেন অভিনেত্রী।
কিছুদিন আগে পর্দায় চুম্বন দৃশ্য নিয়ে আলোচনায় আসেন নব্বই দশকের জনপ্রিয় এই অভিনেত্রী। বিষয়টি হল, কাজল প্রায় তিন দশকের ক্যারিয়ারে নিজের একটি অলিখিত নিয়ম মেনে চলেছেন। তা হল পর্দায় চুম্বন দৃশ্যে তিনি অভিনয় করবেন না। কিন্তু সময়ের সঙ্গে গল্পের চাহিদা বদলেছে।
কাজল সেই পরিবর্তনের সঙ্গী হতে চেয়েছেন। তাই দীর্ঘদিনের ‘নো কিসিং পলিসি’ ভেঙে ‘দ্য ট্রায়াল: পেয়ার, কানুন, ধোঁকা’ শিরোনামের ওয়েব সিরিজে পেশাদার অভিনেত্রী হিসেবে চরিত্রের প্রয়োজনকে প্রাধান্য দিয়েছেন তিনি।
এই সিরিজে কলকাতার যীশু সেনগুপ্তর সঙ্গে চুম্বনদৃশ্যে অভিনয় করেন কাজল।