১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিলয়-হিমির ‘মীমাংসা’: বিপদে কে আগে পাশে দাঁড়ায়?

ঈদের চতুর্থ দিন রাতে দেখা যাবে নাটকটি।

নিলয়-হিমির ‘মীমাংসা’: বিপদে কে আগে পাশে দাঁড়ায়?
জান্নাতুল সুমাইয়া হিমি ও নিলয় আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2026, 01:12 PM

Updated : 26 Aug 2026, 03:41 PM

পারিবারিক দ্বন্দ্ব, আবেগ ও হাসির ঘটনা নিয়ে নির্মিত ‘মীমাংসা’ শিরোনামের নাটকে ফের জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেতা নিলয় আলমগীর ও অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।

কোরবানির ঈদ ঘিরে মহিন খানের পরিচালনায় চ্যানেল আইয়ে দেখা যাবে নাটকটি।  

বিজ্ঞপ্তিতে চ্যানেল আই জানিয়েছে, ঈদের চতুর্থ দিন রাত ৯টা ৩৫ মিনিটে দেখা যাবে ঈদের বিশেষ নাটক ‘মীমাংসা’।

‘মীমাংসা’ মূলত একটি পারিবারিক গল্প। 

নাটকের চিত্রনাট্য নিয়ে নির্মাতা মহিন বলেন,  “আমাদের সমাজে জমিজমা, অহংকার আর ছোট ছোট ভুল বোঝাবুঝি থেকে আপন ভাইয়ের মধ্যেও দূরত্ব তৈরি হয়। এই পরিবারের দুই সদস্য আলমগীর আর জোনাকি মনে করে ভালোবাসা দিয়ে পরিবারকে এক করা যাবে। কিন্তু বাস্তবতা কঠিন হয়ে দাঁড়ায়। পরে একটি দুর্ঘটনা দুই ভাইকে বুঝিয়ে দেয়, সম্পদের চেয়ে সম্পর্ক অনেক বড়।"

নির্মাতা বলেন, "এই নাটকে আমরা দেখিয়েছি, রাগ অভিমান যত বড়ই হোক, বিপদের সময় পরিবারের মানুষই সবার আগে পাশে দাঁড়ায়।”

নাটকে আলমগীরের চরিত্রে অভিনয় করেছেন নিলয় এবং হিমি অভিনয় করেছেন জোনাকির চরিত্রে।  

নাটকটি নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে এই নির্মাতা বলেন, "'মীমাংসা' নাটকে পারিবারিক দ্বন্দ্ব, আবেগ, হাস্যরসের পাশাপাশি একটি শক্ত সামাজিক বার্তাও আছে। দর্শক নিজেদের পরিবারের অনেক পরিচিত ঘটনাও এখানে খুঁজে পাবেন বলে আমি বিশ্বাস করি।"