০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আদি ঢাকার গল্প নিয়ে আট নাটকে ‘ঢাকা নাট্যোৎসব’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ কর্মসূচির অংশ হিসেবে এ নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2026, 09:22 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

আদি ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও জীবনযাত্রাকে উপজীব্য করে আটটি নাটক নিয়ে শুরু হয়েছে ‘ঢাকা নাট্যোৎসব’।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ কর্মসূচির অংশ হিসেবে এ নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে।

রোববার রাজধানীর সূত্রাপুরে জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

গ্রন্থিক নাট্যদলের ‘গিরগিটি’, শৌখিন নাট্যদলের ‘অন্তরালে আয়না’, মৈত্রী থিয়েটারের ‘রঙিলা ফানুস’, নবনাটের ‘ভেলকি’, শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ‘চম্পাবতী’, ঢাকা থিয়েটারের ‘ঘরজামাই’, স্বরবিথী থিয়েটারের ‘শাস্তি’ এবং মেঘদূত নাট্য সম্প্রদায়ের ‘শায়েস্তা খাঁর পরী’ নাটকের মঞ্চায়ন হচ্ছে এ উৎসবে।

নাটকগুলোর মধ্যে ‘গিরগিটি’ নির্দেশনা দিয়েছেন মতিউর রহমান রানা, ‘অন্তরালে আয়না’ হামিদুর রহমান পাপ্পু, ‘রঙিলা ফানুস’ সূচনা তিসা, ‘ভেলকি’ এস কে রতন, ‘চম্পাবতী’ খোরশেদুল আলম, ‘ঘরজামাই’ গোলাম সারোয়ার, ‘শাস্তি’ শওকত হাসান এবং ‘শায়েস্তা খাঁর পরী’ শুভাশীষ দত্ত তন্ময়।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, নাটকগুলোর প্রদর্শনী রোববার শুরু হয়েছে এবং চলবে ২২ অগাস্ট পর্যন্ত।

উদ্বোধনী বক্তব্যে আব্দুস সালাম বলেন, “সমাজের অবক্ষয় রোধ ও তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। নাটক, সাহিত্যচর্চা ও খেলাধুলার মাধ্যমেই যুবসমাজের মাঝে দেশপ্রেম ও মূল্যবোধ জাগিয়ে তোলা সম্ভব।”

তিনি বলেন, “মুক্তিযুদ্ধকালে ‘একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানের মাধ্যমে যেমন পুরো দেশকে উজ্জীবিত করা হয়েছিল, তেমনি একটি ভালো সংস্কৃতি চর্চার মাধ্যমে পুরো সমাজকে পরিবর্তন করা সম্ভব।”

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।

এর আগে ডিএসসিসি জানিয়েছিল, ঢাকার ৪১৬ বছর পূর্তি ও ১ অগাস্ট ‘ঢাকা দিবস’ উপলক্ষে ‘হৃদয়ে ঢাকা’ কর্মসূচির আওতায় ৩১ জুলাই থেকে ৭ অগাস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন আয়োজন করা হবে। এসব আয়োজনের মধ্যে সাইকেল র‍্যালি, শোভাযাত্রা, হেরিটেজ ম্যারাথন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৌকাবাইচও রয়েছে।