Published : 05 Mar 2026, 08:19 PM
মস্তিষ্কের ‘সফল অস্ত্রোপচার’ শেষে বাসায় ফিরে ভক্তদের সামনে হাজির হলেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি।
ফেইসবুক লাইভে এসে বুধবার রাতে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।
তিনি বলেন, "আমি এখন সুস্থ আছি, কিছুদিন আগে মাথার এক পাশে একটি টিউমার শনাক্ত হয়। পরে চিকিৎসকদের পরামর্শে সেই টিউমারের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারটি সফল হয়েছে, এখন অনেকটা ভালো লাগছে।
“সাধারণত এ ধরনের অপারেশনে ছয় থেকে আট ঘণ্টা সময় লাগলেও আমার ক্ষেত্রে প্রায় আড়াই ঘণ্টার মধ্যেই অস্ত্রোপচার শেষ হয়ে যায়।"
অস্ত্রোপচারের পর তিনদিন হাসপাতালে পর্যবেক্ষণে ছিলেন এই অভিনেত্রী। পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় ফিরেছেন। বর্তমানে পুরোপুরি বিশ্রামে আছেন।
অপারেশনের পরের অভিজ্ঞতা শেয়ার করেন তানিয়া বৃষ্টি বলেন, "চোখ খোলার সঙ্গে সঙ্গেই আমি আম্মুকে খুঁজছিলাম। ডাক্তারকে বলছিলাম যে আমি ঠিক আছি।"

নিজের অসুস্থতা নিয়ে ছড়ানো গুজব নিয়েও কথা বলেন এই অভিনেত্রী।
"আমার অসুস্থতা নিয়ে অনেক ধরনের সংবাদ হয়েছে। অনেকে জিজ্ঞাসা না করে, কথা না বলে আমি মারা গেছি বা কোমায় আছি এমন সব নিউজ করেছে। উনাদের নিয়ে তো ঝামেলা সবসময় হয়, এগুলো নিয়ে কিছু বলার নেই, এসব কারণে আমি নিজে থেকে ইচ্ছা করেই কিছু বলতে চাইনি।"
তানিয়া বৃষ্টি জানিয়েছেন, অস্ত্রোপচার ও নিয়মিত ওষুধ সেবনের কারণে ওজন কিছুটা বেড়েছে। তবে সুস্থ হয়ে উঠলে আবার জিমে গিয়ে নিজেকে ‘ফিট’ করে অভিনয়ে ফিরতে চান।
আসন্ন ঈদে তানিয়া বৃষ্টি অভিনীত কয়েকটি নাটক প্রচার হবে। যদিও অসুস্থতার কারণে আগের মত বেশি কাজ করতে পারেননি এবার।
তিনি বলেন, এই কঠিন সময়ে ভক্তদের ‘ভালোবাসা, দোয়া ও সমর্থন’ তাকে মানসিকভাবে অনেক শক্তি দিয়েছে। দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে আবার অভিনয়ের কাজে ফিরতে চান তিনি।
তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছিলেন। গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে মস্তিষ্ক থেকে টিউমার অপসারণ করা হয়েছে।
এই সময়ের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে তানিয়া বৃষ্টি অন্যতম। নিয়মিত নাটকে অভিনয় করছেন তিনি।
২০১৫ সালে আকরাম খান পরিচালিত চলচ্চিত্র ‘ঘাসফুল’ দিয়ে বড় পর্দায় পা রাখেন এই অভিনেত্রী । ২০১৯ সালে মুক্তি পায় তার অভিনীত চলচ্চিত্র ‘গোয়েন্দাগিরি’।
দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন বৃষ্টি। রায়হান খানের পরিচালনায় ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় কাজের কথাও ছিল এই অভিনেত্রীর। সেই সময়ই অসুস্থ হয়ে পড়েন তিনি।
আরও পড়ুন