১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টাবুর জন্মদিনের ‘অমূল্য’ গিটার

“এই গিটার সারাজীবন ধরে রাখব, এবং আশা করি খুব শিগগিরই আমি তার গানগুলো বাজিয়ে তাকে শুনাতে পারব।”

টাবুর জন্মদিনের ‘অমূল্য’ গিটার
আশা ভোঁশলে ও অভিনেত্রী টাবু।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2026, 10:28 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

ভারতের হিন্দি সিনেমার অভিনেত্রী টাবুর সংগ্রহে একটি গিটার আছে। যা তিনি সারাজীবন ধরে আগলে রাখতে চান।

কারণ এই বাদ্যযন্ত্রটি তিনি উপহার পেয়েছিলেন ভারতীয় গায়িকা আশা ভোঁশলের কাছ থেকে। 

কীভাবে কেমন করে ঘটনাটি ঘটল, টাবু সেই স্মৃতি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সোশাল মিডিয়ায়। 

এনডিটিভি লিখেছে,  ইন্সটাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করে অভিনেত্রী বলেন, গত নভেম্বরের জন্মদিনে আশা ভোঁসলের কাছ থেকে এই গিটারটি তিনি উপহার পান। গিটার বাজিয়ে আশা ভোঁসলেকে গান শোনানোর ইচ্ছার কথাও বলেন তিনি। 

ছবিগুলোতে দেখা যায়, আশা ভোঁসলের হাত থেকে টাবু গিটার উপহার নিচ্ছেন, শিল্পীর হাতে চুম্বনও এঁকে দিচ্ছেন অভিনেত্রী। আরবেটপি একটি ছবিতে ভোঁসলের কাঁধে মাথা দিয়ে থাকতে দেখা গেছে টাবুকে। ছবিগুলোতে অভিনেত্রী ও সংগীতশিল্পীর আন্তরিক সম্পর্কের মুহূর্ত ফুটে উঠেছে।

ক্যাপশনে টাবু লিখেছেন, "আমাকে যদি বলা হয় তোমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিনগুলোর কথা বলো, ভুলতে না পারা মুহূর্তগুলোর কথা বলো, কোন বিষয়টি তোমাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে এমন দিনের কথা বলো বা যদি বলা হয় তোমার জীবনের মূল্যবান সম্পদ কোনটি তাহলে বলব গত নভেম্বরে আমার জন্মদিনের দিনটি। সেই দিনে দরজায় এসে পৌঁছায় সুন্দর এই গিটার যা ছিল আশা ভোঁসলের উপহার।"        

টাবু আরও লিখেছেন, "এই উপহারের জন্য কৃতজ্ঞতা বা অনুভূতি প্রকাশের কোনো ভাষা নেই। আমি আশাজিকে যতটা ভালোবাসি এবং শ্রদ্ধা করি, তা বলতে পারি না। আপনার গানগুলোর মাধ্যমেই আমরা প্রেম, আকুলতা, বেদনা ও আবেগের নানা অনুভূতি অনুভব করেছি। আমি এই গিটার সারাজীবন ধরে রাখব, এবং আশা করি খুব শিগগিরই আমি তার গানগুলো বাজিয়ে তাকে শুনাতে পারব।” 

আট দশক ধরে ২০টি ভিন্ন ভাষায় ১১ হাজারেরও বেশি গান গেয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়া শিল্পী আশা ভোঁশলে।

বড় বোন লতা মঙ্গেশকরের হাত ধরে সংগীতজীবনে পা রেখেছিলেন আশা ভোঁসলে। সময়টা ছিল ১৯৪৩ সাল। প্রথম প্লেব্যাক করেন মারাঠি ছবিতে।

এরপর ১৯৪৮ সালে ‘চুনারিয়া’ ছবিতে ‘খাতু আয়া’ গানের মধ্য দিয়ে হিন্দি চলচ্চিত্রের প্লেব্যাক জগতে তার যাত্রা শুরু। তিনি প্রথম এককভাবে হিন্দি গানে কণ্ঠ দেন ১৯৪৯ সালে।  

মুক্তির প্রস্তুতি নিচ্ছে টাবুর ‘ভূত বাংলা’ 

টাবু অভিনীত সিনেমা ‘ভূত বাংলা’ প্রেক্ষাগৃহে আসছে আগামী ১৬ এপ্রিল। 

কমেডি ঘরানার এই সিনেমা দিয়েই দীর্ঘ সময় পর আবারও একসঙ্গে কাজ করেছেন অভিনেতা অক্ষয় কুমার ও নির্মাতা প্রিয়দর্শন। 

‘ভূত বাংলা’ সিনেমায় টাবুর সঙ্গে আরও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, রাজপাল যাদব, ওয়ামিকা গাব্বি এবং প্রয়াত অভিনেতা আসরানি।   

 বালাজি মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন অক্ষয় কুমার, শোভা কাপুর ও একতা আর কাপুর।