Published : 14 Dec 2025, 02:05 PM
বলিউডের নায়িকা আলিয়া ভাট কি পাকিস্তানে যাবেন? প্রতিবেশী দেশের এক অনুরাগী সরাসরি অভিনেত্রীকে এই প্রশ্ন করেছেন। সেই প্রশ্নের উত্তরে আলিয়া যা বলেছেন, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
নিউজ এইট্টিন লিখেছে, সম্প্রতি রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে আলিয়া বিদেশি সিনেমায় কাজ করা নিয়ে কথা বলছিলেন। সে সময়ে দর্শক আসন থেকে আলিয়ার পাকিস্তানি এক ভক্ত এক প্রশ্ন করেন, আলিয়া কি কখনও পাকিস্তানে আসবেন?
এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি অভিনেত্রী। আলিয়া জানিয়েছেন, কাজের প্রয়োজনে তিনি যে কোনো জায়গাতেই যেতে রাজি।
আলিয়ার এ কথায় মিশ্র প্রতিক্রিয়া এসেছে। কেউ বলছেন, “আলিয়া সরাসরি পাকিস্তানের নাম নেননি। তার মানে উনি যাবেন না।”
কেউ বলেছেন, ‘বুদ্ধিমতি আলিয়া, সব কথা বলতে নেই’।
১৩ বছরের ক্যারিয়ারে নানা স্বাদের সিনেমা উপহার দিয়েছেন আলিয়া। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে নিজেকে বদলে ফেলতে চাইছেন এই তারকা। প্রযোজক হিসেবেও নতুন ভ্রমণ শুরু করেছেন এই বলিউডি অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে আলিয়া বলেছেন, তিনি অনেক ধরনের কাজ করলেও, তার ঝুলিতে এমন কোনো সিনেমা নেই যা তার শিশুকন্যা রাহা উপভোগ করতে পারবে। এ ভাবনা থেকে, মা হওয়ার পরই তিনি কমেডি ঘরানার ছবির প্রতি বেশি আকৃষ্ট হচ্ছেন।
আলিয়া বলেন, “আমি এখন মনে করি মানুষকে এমন কিছু করতে হবে, যা নিজেকেই অনুপ্রাণিত করে। আর সে কারণেই নতুন কিছু চেষ্টা করার তাগিদ পাচ্ছি।”
আলিয়া জানান, বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনেও নানা ধরনের পরিবর্তন এসেছে।
অভিনেত্রীর কথায়, “আমার যখন অল্প বয়স, ২০ বছরের আশপাশে, তখন আমি সব কিছু করার চেষ্টা করতাম। সেই সময়ে অন্য রকম উত্তেজনা ছিল। এখন প্রায় এক যুগ পরে আমার দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে।”
আলিয়াকে এর পরে দেখা যাবে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে।
সঞ্জয় লীলা বনসালি পরিচালিত এই সিনেমায় আলিয়ার সহশিল্পী রাণবীর কাপুর ও ভিকি কৌশল।
স্বামী রাণবীরের সঙ্গে এটি আলিয়ার দ্বিতীয় সিনেমা। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় এর আগে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। সিনেমার বড় অংশের শুটিং ইতিমধ্যেই মুম্বাইতে শেষ হয়েছে। চূড়ান্ত দৃশ্য ধারণের জন্য শিগগিরই আলিয়াকে বিদেশে উড়াল দিতে হবে।