২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

রাজ-সাবিলাকে নিয়ে ‘কানাভুলা প্যারাডক্স’, পরিচালনায় দুই নির্মাতা

তানিম নূর বলেন, “এটি মূলত রোমান্টিক সাই-ফাই হরর ঘরানার সিনেমা, তবে কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি প্রেমের গল্প।”

রাজ-সাবিলাকে নিয়ে ‘কানাভুলা প্যারাডক্স’, পরিচালনায় দুই নির্মাতা
শরিফুল রাজ ও সাবিলা নূর। ছবি: ফেইসবুক থেকে নেওয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2026, 08:35 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

গ্রামবাংলার পরিচিত ভূতের উপকথার সঙ্গে সাই-ফাই ও টাইম ট্রাভেলের গল্পের মিশেলে নির্মিত হবে ‘কানাভুলা প্যারাডক্স’।

‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এর পর নতুন এই সিনেমাটি নির্মাণের ঘোষণা দিয়েছে নির্মাতা তানিম নূরের প্রযোজনা প্রতিষ্ঠান ‘বুড়িগঙ্গা টকিজ’। 

মোহাইমিনুল ইসলাম বাপ্পীর ২০২২ সালে প্রকাশ পাওয়া ‘কালাভুলা প্যারাডক্স’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি।  

এই সিনেমা দিয়ে বড় পর্দায় পরিচালক হিসেবে যাত্রা করতে যাচ্ছেন আয়মান হাসিব স্বাধীন ও সুস্ময় সরকার। এতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও সাবিলা নূরকে।    

পরিচালনার মত প্রযোজক হিসেবেও তানিম নূর সিনেমা বানাচ্ছেন উপন্যাস অবলম্বনে।

চলচ্চিত্রটির ধরন নিয়ে তানিম জানিয়েছেন, এটি মূলত রোমান্টিক সাই-ফাই হরর ঘরানার সিনেমা। তবে কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি প্রেমের গল্প।

গল্পের প্রেক্ষাপট তুলে ধরে তানিম নূর বলেন, “গ্রামাঞ্চলের প্রচলিত এক ভূতের নাম কানাভুলা। শোনা যায়, এই ভূতে ধরলে মানুষ পথ হারিয়ে ফেলে কী করছে বা কোথায় যাচ্ছে তা বলতে পারে না। প্রচলিত সেই রূপকথা ও অতিপ্রাকৃতিক বিষয়ের পাশাপাশি সিনেমায় অত্যন্ত রোমান্টিক এক গল্প দেখা যাবে।”   

চলচ্চিত্রের মূল গল্পে দেখা যাবে, মহামারী ও দেশব্যাপী লকডাউনের মাঝেই কক্সবাজারে হানিমুনে যায় এক নবদম্পতি। সব হোটেল বন্ধ থাকায় তারা ওঠে এক প্রবাসীর নির্জন ও রহস্যময় বাংলোতে। চাঁদনি রাতে জনশূন্য সৈকতে দুজন যখন জোছনায় ভাসছিল, তখন তারা টের পায় না যে সেখানে তারা একা নয়; আড়ালে রয়েছে কানাভুলা নামের এক অস্তিত্ব। 

এরপরই শুরু হয় নানান অলৌকিক ঘটনা। তবে সিনেমা তৈরির প্রয়োজনে গল্পে কিছু পরিবর্তন ও সংযোজন করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।  

নতুন দুই নির্মাতা স্বাধীন ও সুস্ময়কে নিয়ে তানিম নূর বলেন, এই দুজন তার পুরনো সহকর্মী। 

“তাদের কাজে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। দুজনই ভীষণ প্রতিভাবান এবং তাদের যোগ্যতার ওপর আমার বিশ্বাস অনেক আগে থেকেই ছিল। এতদিন আমার বিনিয়োগ করার সুযোগ ছিল না, এবার সেই সুযোগ তৈরি হওয়ায় তাদের সঙ্গে কাজ করছি। আশা করি তারা দারুণ কিছু উপহার দেবে।”   

সিনেমাটি নিয়ে পরিচালক সুস্ময় সরকার বলেন, “পরিচালক তানিম রহমানের সঙ্গে কাজ করতে গিয়েই স্বাধীনের সঙ্গে আমার পরিচয় ও কাজের ক্ষেত্রে তৈরি হয়। ২০২২ সালে বাপ্পি ভাইয়ের বইটি প্রকাশের পর স্বাধীন তা পড়ে আমাকে পড়তে দেয়। গল্পটি দুজনেরই দারুণ পছন্দ হলে আমরা এটি নিয়ে সিনেমা করার সিদ্ধান্ত নিই। পরবর্তীতে বুড়িগঙ্গা টকিজ ও সালেহ সোবহান অনীমের সঙ্গে বিষয়টি শেয়ার করলে পুরো টিম এতে ইতিবাচক সায় দেয়।”  

অভিনয়শিল্পী নিয়ে সুস্ময় বলেন, টিমের সবার সর্বসম্মত সিদ্ধান্তেই রাজ ও সাবিলাকে বেছে নেওয়া হয়েছে। চরিত্র দুটির জন্য তারা দুজনই ‘একদম নিখুঁত’ বলে মন্তব্য করেন তিনি। 

সিনেমার বর্তমান প্রস্তুতি নিয়ে সুস্ময় আরও বলেন, “এটি সাই-ফাই, টাইম ট্রাভেল ও রোমান্টিকতার এক মেলবন্ধন। চিত্রনাট্যের কাজ প্রায় শেষ পর্যায়ে এবং পুরোদমে প্রি-প্রোডাকশনের কাজ চলছে।” 

আগামী বছরের শুরুতে দৃশ্যধারণের কাজ হাতে নেওয়া হবে হবে বলেও জানিয়েছেন সুস্ময়।