১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নীরবতা ভাঙলেন রাশমিকা-বিজয়, জানালেন উদয়পুরে ‘বিরোশের বিয়ে’

বিয়ের আয়োজনকে ঘিরে উদয়পুর বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নীরবতা ভাঙলেন রাশমিকা-বিজয়, জানালেন উদয়পুরে ‘বিরোশের বিয়ে’
বিজয় দেবেরাকোণ্ডা ও রাশমিকা মানদানা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2026, 03:50 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

প্রেম ও বিয়ে নিয়ে এতদিন নীরব থাকা দক্ষিণী সিনেমার তারকা জুটি বিজয় দেবেরাকোণ্ডা ও রাশমিকা মানদানা অবশেষে নিজেদের বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন। বিয়ের তিনদিন আগে তারা জানিয়েছেন, ভক্তদের দেওয়া ‘বিরোশ’ নামেই বিয়ের আনুষ্ঠানিকতা সারছেন তারা। 

এনডিটিভি লিখেছে, রাশমিকা ও বিজয়ের বিয়ের আয়োজন নিয়ে চলা জল্পনার অবসান ঘটেছে। বৃহস্পতিবার বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন এই জুটি। রাজস্থানের উদয়পুরে তাদের বিয়ের স্থান চূড়ান্ত হয়েছে। উদয়পুর শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত 'দ্য মেমেন্টোস' নামের বিলাসবহুল হোটেলে হচ্ছে তাদের বিয়ের আয়োজন।  

বিয়ের আয়োজনকে ঘিরে উদয়পুর বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই তারকা জুটিকে উদয়পুরের উদ্দেশে যেতে বিমানবন্দরে দেখা গিয়েছে। 

ইন্সটাগ্রামের স্টোরিতে এক ছবিতে বিয়ে নিয়ে ভক্তদের উদ্দেশ্যে এক বার্তা দিয়েছেন রাশমিকা ও বিজয়। 

তারা লিখেছেন, "আমাদের প্রিয়জনরা, আমরা কিছু পরিকল্পনা করার আগেই আপনারা আমাদের সঙ্গে ছিলেন। অনেক ভালোবাসা দিয়ে আপনারা আমাদের একটি নাম দিয়েছেন। আপনারা আমাদের 'বিরোশ' বলে ডেকেছেন। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনাদের সম্মানে আমরা নাম দিচ্ছি 'বিরোশের বিয়ে'। 

“এত ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখার জন্য ধন্যবাদ। আপনারা সবসময় আমাদেরই অংশ হয়ে থাকবেন। অনেক ভালোবাসা ও আলিঙ্গন।" 

বিয়ের আয়োজন হচ্ছে যেভাবে  

 'দ্য মেমেন্টোস' হোটেল, রাজস্থানের আরাবল্লী পর্বতমালার মাঝে নির্জন পরিবেশে থাকা এই জায়গাটি সাধারণ মানুষের দৃষ্টির আড়ালে বলে এই জায়গাটি বেছে নিয়েছেন রাশমিকা ও বিজয়।      

হোটেলটিতে রয়েছে ১১৭টি ব্যক্তিগত ভিলা। পুরো প্রাঙ্গণে একটি নদী ও একটি হ্রদ রয়েছে। নিজস্ব হেলিপ্যাডসহ আরাবল্লীর একটি পাহাড়জুড়ে বিস্তৃত এই বিলাসবহুল স্থাপনা।       

অতিথিরা বাণিজ্যিক উড়োজাহাজে করে উদয়পুরে পৌঁছাবেন। রাশমিকা ও বিজয় প্রায় ৫০ জন অতিথিকে নিয়ে এই উড়োজাহাজে সেইখানে অবতরণ করবেন। 

তিন দিনের এই সীমিত পরিসরের আয়োজনে বড় কোনো চলচ্চিত্র তারকার উপস্থিতি থাকবে না। তবে কয়েকজন রাজনীতিক ও কয়েকজন চলচ্চিত্র পরিচালক অতিথি তালিকায় রয়েছেন। আমন্ত্রিত অতিথির সংখ্যা প্রায় ১০০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।   

২০২৫ সালের অক্টোবরে পরিবার-পরিজনের উপস্থিতিতে বাগদান সেরেছিলেন এই জুটি। 

২০১৮ সালে দক্ষিণ ভারতে ‘গীত গোবিন্দম’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মত পর্দায় জুটি বাঁধেন বিজয়-রাশমিকা। তারপরে ‘ডিয়ার কমরেড’ সিনেমার সেটে তাদের ঘনিষ্ঠতায় শুরু হয় প্রেমের জল্পনা। 

সামনে রাশমিকার মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ককটেল ২’ এবং ‘মাইসা’ নামের দুইটি সিনেমা।

অন্যদিকে বিজয়কে সবশেষ দেখা গেছে গৌতম তিন্নানুরি পরিচালিত তেলেগু স্পাই অ্যাকশন-থ্রিলার ‘কিংডম’-এ। মুক্তির অপেক্ষায় অভিনেতার ‘রাউডি জানার্ধন’, যেটি পরিচালনা করেছেন রাভি কিরণ।