Published : 15 Dec 2025, 01:01 PM
চলতি সপ্তাহে ওটিটি বিভিন্ন প্ল্যাটফর্মের পর্দায় একসঙ্গে চলছে ভিন্ন ঘরানার একাধিক আলোচিত কনটেন্ট।
হাসির ঘটনার আড়ালে বেদনা, প্রেমের উন্মাদনা ও মানসিক বিপর্যয় এছাড়া সত্য ঘটনা অবলম্বনে রহস্য অনুসন্ধান ও সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে বানানো হয়েছে এসব সিনেমা ও সিরিজ। এই কনটেন্টগুলো দেখাচ্ছে চরকি, বায়স্কোপ প্লাস, আইস্ক্রিন ও হইচই।
মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন সিনেমা, ওয়েব সিরিজের খবর তুলে ধরেছে গ্লিটজ।
মোশাররফ করিমের ‘ডিমলাইট’

এক স্ট্যান্ডআপ কমেডিয়ানের জীবনের গল্পে চরকিতে প্রচার হচ্ছে ওয়েব ফিল্ম ‘ডিমলাইট’। শরাফ আহমেদ জীবন পরিচালনা করেছেন এই সিনেমাটি।
চিত্রনাট্যে আছে, শামসুজ্জামান একজন স্ট্যান্ডআপ কমেডিয়ান, মধ্যবয়সী মানুষটি অন্যকে হাসিয়ে জীবিকা নির্বাহ করেন; কিন্তু নিজের জীবনের হাসিটাই তিনি হারিয়ে ফেলেছেন।
চলার পথে শামসুজ্জামানের পরিচয় হয় এক তরুণীর সঙ্গে। তার প্রেমে পড়ে যায় সে। হাসি ফিরে আসে তার জীবনে। একদিন স্ত্রীর কাছে নতুন সম্পর্ক নিয়ে ধরা পড়ে যাওয়ায় তার পরিবারে অশান্তি শুরু হয়, তখন নিজের ভুল বুঝতে পারেন শামসুজ্জামান।
‘ডিমলাইটে’ অভিনয় করেছেন মোশাররফ করিম, তানজিকা আমিন, পারশা ইভানা, শরাফ আহমেদ জীবন।
ট্র্যাজিক গল্পের সিনেমা 'নূর'

ওটিটি প্ল্যাটফর্ম বায়স্কোপ প্লাসে চলছে রায়হান রাফী পরিচালিত 'নূর'। এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী।
সিনেমার গল্পে দেখা গেছে, মফস্বল এলাকার কিছুটা বোকাসোকা স্বভাবের ছেলে নূর; সে প্রেমে পড়ে শিউলীর। মিষ্টি প্রেমের সম্পর্ক তাদের, নূরের জীবনে প্রতিদিনের সকাল থেকে রাতের শেষ ভাবনাও শিউলীকে ঘিরে। তারা এক সময় বিয়ে করে। সংসার কাটে সুখে শান্তিতে।
হঠাৎ নূরের স্বভাবের পরিবর্তন দেখা যায়। স্ত্রীকে নিয়ে তার সন্দেহ, ভুল বোঝাবুঝি বাঁক নেয় এক করুণ দীর্ঘশ্বাসে। শুটিংয়ের একটি ছবি ঘিরে মুক্তির আগেই শুভ ও ঐশীর এই সিনেমাটি আগে থেকেই ছিল আলোচনায়।
'অমীমাংসিত' আইস্ক্রিনে

ঢাকার এক সাংবাদিক দম্পতির হত্যা রহস্যকে ঘিরে নির্মিত সিনেমা 'অমীমাংসিত' দেখা যাবে সোমবার থেকে। রায়হান রাফী পরিচালিত সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাবে।
সিনেমার দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, মনোজ প্রামাণিকসহ অনেকে।
হইচইয়ে 'কারমা কোর্মা'

প্রতিম ডি গুপ্তর ওয়েব সিরিজ 'কারমা কোর্মা' দেখাচ্ছে হইচই। এতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার, ঋতাভরী চক্রবর্তীসহ অনেকে।
সিরিজের চিত্রনাট্য শুরু হয় রান্নার কর্মশালায় দুই নারীর দেখা হওয়ার ঘটনা থেকে। দুইজনের আর্থ-সামাজিক প্রেক্ষাপট ভিন্ন। সাহানা (ঋতাভরী চক্রবর্তী) কেতাদুরস্ত, স্বচ্ছল পরিবার থেকে আসা এক নারী।
অন্যদিকে ঝিনুক (সোহিনী সরকার) সাধারণ নিম্ন মধ্যবিত্ত বাঙালি বাড়ির বউ, ডাবিং আর্টিস্ট হিসেবে রোজগার করে দিন চালায়। সাহানা অবস্থাপন্ন পরিবারের হওয়া সত্ত্বেও স্বামীর কাছে অবহেলিত। নিঃসন্তান, একাকীত্বে বন্দি বলা চলে। আর ঝিনুক নেশাসক্ত বরের অত্যাচার সহ্য করে নিত্যদিন।
দুই নারীর অবস্থান মিলে যায়, দুইজনেই সাংসারিক শান্তি থেকে বঞ্চিত। দুইজন মিলে তখন বুদ্ধি আঁটে যে তারা একজন আরেকজনের স্বামীকে মেরে ফেলবে। এর কিছুদিন পরেই ঝিনুকের স্বামীর লাশ পাওয়া যায়। খুনের তদন্ত করতে গিয়ে এই দুই নারীর সঙ্গে আলাপ হয় পুলিশ কর্মকর্তা ভুপেন ভাদুড়ির। এই তিনজনকে ঘিরে এগিয়ে যায় সিরিজের গল্প।