১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উৎসব ঘুরে দেশের প্রেক্ষাগৃহে দুই সিনেমা

নির্মাণের পর 'বাড়ির নাম শাহানা' ও 'ফেরেশতে' প্রদর্শিত হয়েছে বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2025, 04:35 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

একটি সিনেমার পরতে পরতে আছে একজন নারীর নিজের মত করে বাঁচতে চাওয়ার গল্প; আর আরেকটি সিনেমা তুলে ধরেছে সমাজের প্রান্তিক মানুষের জীবনের ওঠানামার নানা স্তর।

এই দুইটি সিনেমা হল 'বাড়ির নাম শাহানা' ও 'ফেরেশতে'; যা শুক্রবার মুক্তি পেয়েছে দেশের মাল্টিপ্লেক্সেগুলোতে। 

তবে নির্মাণের পর দুটি সিনেমাই প্রদর্শিত হয়েছে বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

'বাড়ির নাম শাহানা' সিনেমা ৯ প্রেক্ষাগৃহে

লীসা গাজীর পরিচালনায় ‘বাড়ির নাম শাহানা’ সিনেমাটি দেখা যাচ্ছে ৯টি প্রেক্ষাগৃহে।

প্রযোজক আরিফুর রহমান গ্লিটজকে জানিয়েছেন, স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখা,সনি স্কয়ার, সেন্টার স্কয়ারে দেখা যাচ্ছে সিনেমাটি। 

এছাড়াও ব্লকবাস্টার সিনেমাস, নারায়ণগঞ্জের সিনোস্কোপ, ম্যাজিক মুভি থিয়েটার, গ্র্যান্ড রিভার ভিউ, মোমো ইনন পার্কে প্রদর্শিত হচ্ছে 'বাড়ির নাম শাহানা'।

বিচ্ছেদের পরও নিজের মত করে বাঁচতে চাওয়া দীপা নামের এক নারীর অদম্য লড়াইয়ের গল্পের সিনেমা এটি। দীপা কোনোভাবেই চায় না স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর পরিবার বা সমাজ তার জীবনকে নিয়ন্ত্রণ করুক। রক্ষণশীল পরিবারে বড় হলেও সমাজের কূপমণ্ডূকতা অস্বীকার করে নিজের মত করে বাঁচতে চায় দীপা।

দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। সিনেমায় আরও আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নীসহ কয়েকজন।

গত কয়েক বছরে লন্ডন, শিকাগো, মেলবোর্ন, বার্মিংহাম, রোম ও মুম্বাইয়ের চলচ্চিত্র উৎসবে 'বাড়ির নাম শাহানা' প্রদর্শিত হয়েছে।

গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড ও কমলা কালেক্টিভের প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।

প্রযোজক জানিয়েছেন, চলচ্চিত্রটির অধিকাংশ দৃশ্য ধারণ করা হয়েছে বাংলাদেশের একটি মফস্বল শহরে এবং বাকি অংশ ইংল্যান্ডের একটি ছোট শহরে ধারণ করা হয়েছে। 

গল্পের সময় ও প্রেক্ষাপটের সঙ্গে মিল রেখে সব দৃশ্য প্রাকৃতিক পরিবেশে ধারণ হয়েছে। কোনো ডাবিং ছাড়াই শতভাগ অন-লোকেশন সাউন্ড ব্যবহার করা হয়েছে সিনেমায়।

৬ প্রেক্ষাগৃহে জয়ার 'ফেরেশতে'

বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম নির্মাণ করেছেন 'ফেরেশতে'।

সিনেমার প্রযোজক ও অভিনেতা সুমন ফারুক গ্লিটজকে জানিয়েছেন, স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সনি স্কয়ার, বলি আর্কিড ও সেন্টার পয়েন্ট শাখায় দেখা যাচ্ছে সিনেমাটি। এছাড়াও ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে দেখা যাচ্ছে 'ফেরেশতে'।

সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প বলেছে এই সিনেমার চিত্রনাট্য। ঢাকা শহরের এক রিকশাচালক স্বামী ও গার্মেন্টসে চাকরি করা তার স্ত্রীর কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। এই দস্পতিরা জীবনের গল্পে আছে সংগ্রাম, বঞ্চনা, টিকে থাকার লড়াই ও মানবিকতার শক্তি।

স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সুমন ফারুক ও জয়া আহসান। আরও অভিময় করেছেন  শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা, শিশুশিল্পী সাথীসহ অনেকে।

২০২২ সালে নির্মাণ শেষে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে ফেরেশতে।

সিনেমায় রয়েছে ‘প্রেমের হাওয়া একবার যদি গায়ে লাগে রে’ শিরোনামের একটি গান। গানের কথা লিখেছেন কবি পিয়াস মজিদ। গানটি গেয়েছেন সংগীতশিল্পী বেলাল খান ও ইরানি গায়িকা মোনা আসকারি।

'ফেরশতে' সিনেমার চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ। ফারসি ও বাংলা অনুবাদ করেছেন মুমিত আল-রশিদ ও ফয়সাল ইফরান।