প্রাচ্যনাট স্কুল মঞ্চে আনছে 'কল্লোল'
নাট্যকার উৎপল দত্তের লেখা 'কল্লোল' নাটকটি মূলত ইতিহাস ও রাজনীতি নির্ভর।
প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইনের ৪৪তম ব্যাচের শিক্ষার্থীরা মঞ্চে আনতে যাচ্ছে 'কল্লোল'।
ঢাকার বেইলি রোডে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় এই শিক্ষার্থীদের হাতে কোর্স সমাপনীর সনদ তুলে দেওয়া হবে। পরে ‘কল্লোল’ নাটকের প্রদর্শনী হবে মঞ্চে।
অনুষ্ঠানে অতিথি হয়ে আসবেন অভিনেতা সুভাশিষ ভৌমিক এবং অভিনেতা ও নাট্যনির্দেশক আইরিন পারভীন লোপা।
উৎপল দত্তের লেখা এ নাটকটি নির্দেশনা দিয়েছেন সাহানা রহমান সুমি। মূলত ইতিহাস ও রাজনীতি নির্ভর এ নাটকে নৌ-বিদ্রোহের কাহিনী তুলে ধরা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে ‘প্রাচ্যনাট স্কুল’ বলছে, "বাংলাদেশের থিয়েটারের বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে সুদীর্ঘ ২১ বছর ধরে কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে একজন প্রশিক্ষনার্থী থিয়েটারের সব বিষয়ে একটি স্পষ্ট ধারণা পায়।
“এরই মধ্যে এই স্কুলের ৪৩টি ব্যাচ সফলভাবে তাদের কোর্স সম্পন্ন করেছেন। পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে ৪৪তম ব্যাচেরও।"
