১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘উৎসব’ থেকে ‘দরদ’, ঈদে দেখা যাবে ৭ সিনেমা

ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হবে সিনেমাগুলো।

‘উৎসব’ থেকে ‘দরদ’, ঈদে দেখা যাবে ৭ সিনেমা
ঈদে প্রচার হওয়া সাত সিনেমার পোস্টার। ছবি: মাছরাঙা টেলিভিশনের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2026, 12:25 PM

Updated : 10 Sep 2026, 12:47 PM

'উৎসব', 'জংলি', 'হাওয়া'সহ সাত সিনেমা নিয়ে সাতদিনব্যাপী ঈদ আয়োজন সাজিয়েছে মাছরাঙা টেলিভিশন।   

বিজ্ঞপ্তিতে স্টেশনটি জানিয়েছে, ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হবে সিনেমাগুলো।  

‘উৎসব’ প্রচার হবে ঈদের দিন    

থ্রিলার, অ্যাকশন আর সহিংসতার বাইরে গিয়ে নির্মিত সিনেমা 'উৎসব'; চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘অ্যা ক্রিসমাস ক্যারলের’ ছায়া অবলম্বনে যা বানিয়েছেন পরিচালক তানিম নূর।  

চিত্রনাট্য গল্প এক কৃপণ ব্যক্তিকে কেন্দ্র করে গল্প। এক উৎসবের রাতে অতীতের তিন ব্যবসায়িক অংশীদারের আত্মা তার সামনে এসে হাজির হয়। তারা ওই ব্যবসায়ীকে সঙ্গে করে নিয়ে যান তার অতীত, বর্তমান দিনে এমনকি ভবিষ্যতেও। তিন সময়র ওই সফরে বদলে যেতে থাকে কৃপণ মানুষটি।

এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, আফসানা মিমি, তারিক আনাম খান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান।

দ্বিতীয় দিন ‘প্রিয়তমা’   

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের 'প্রিয়তমা' সিনেমার চিত্রনাট্যে প্রেম, বিশ্বাসভঙ্গ ও আত্মত্যাগের গল্প উঠে এসেছে। 

এক সাধারণ প্রেমের সম্পর্ক কীভাবে ভুল বোঝাবুঝি, সামাজিক বাস্তবতা ও ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে জটিল হয়ে ওঠে সেটিই দেখানো হয়েছেন সিনেমায়। আবেগঘন সংলাপ ও নাটকীয় মোড়ের কারণে সিনেমাটি মুক্তির পর দর্শকপ্রিয় হয়ে উঠেছিল।

সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। 

‘প্রিয়তমা’র কাহিনী লিখেছিলেন প্রয়াত ফারুক হোসেন। আরশাদ আদনান প্রযোজিত সিনেমায় শাকিব-ইধিকা ছাড়াও অভিনয় করেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবীসহ অনেকে।

‘কাজলরেখা’ দেখাবে তৃতীয় দিন  

চারশ বছর আগের প্রেক্ষাপটে ‘মৈমনসিংহ গীতিকা’ অবলম্বনে নির্মিত সিনেমা 'কাজলরেখা'। যে উপকথায় শুকপাখির পরমর্শে মৃত রাজকুমার ভালোবাসার স্পর্শে জেগে ওঠা। দুখিনী রাজকন্যার বছরের পর বছর বনবাসে থাকা আর দাসীর নকল রানি সেজে থাকা গল্পে সাজানো হয়েছে চিত্রনাট্য।    

গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ‘কাজলরেখা’র নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। এছাড়া ‘কঙ্কণ দাসী’র খলচরিত্রে কাজ করেছেন রাফিয়াত রশিদ মিথিলাকে। 

রাজা চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শরীফুল রাজ। আরও আছেন খাইরুল বাশার, অভিনেতা আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, গাউসুল আলম শাওন। 

চতুর্থ দিন ‘জংলি’

এম রহিমের পরিচালনায় প্রেম, প্রতিশোধ ও মানবিক গল্পের ‘জংলি’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী।

সত্য ঘটনা অবলম্বনে ‘জংলির’ গল্প লিখেছেন আজাদ খান। চিত্রনাট্য করেছেন মেহেদী হাসান মুন ও সুকৃতি সাহা। একটি শিশুকে ঘিরে এগিয়েছে সিনেমার গল্প। 

‘জংলির’ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু। 

পঞ্চম দিন দেখা যাবে ‘তুফান’ 

নব্বই দশকের এক গ্যাংস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি সিনেমা 'তুফান'। রায়হান রাফীর পরিচালনায় এই সিনেমায় শাকিব খানকে দেখা গেছে দ্বৈত চরিত্রে।

শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

সিনেমায় বিশেষ আকর্ষণ ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়া ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওনসহ আরো অনেকে এই সিনেমায় অভিনয় করেছেন।

সিনেমার পাঁচটি গানের মধ্যে ‘লাগে উরাধুরা’, ‘দুষ্টু কোকিল’সহ কয়েকটি গান শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া তোলে।

ষষ্ঠ দিনে ‘হাওয়া’

নির্মাতা মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ চলচ্চিত্রটির গল্প এগিয়েছে মাঝসমুদ্রে বিভিন্ন ঘটনার ঘাত-প্রতিঘাতে গন্তব্যহীন হয়ে পড়া একটি ফিশিং ট্রলারের আট জন মাঝি-মাল্লা এবং এক রহস্যময় বেদেনিকে ঘিরে।

এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সুমন আনোয়ার ও সোহেল মণ্ডলের মত শিল্পীরা। তবে সবাইকে ছাপিয়ে ‘হাওয়া’র রহস্য এগিয়েছে অভিনেত্রী নাজিফা তুষিকে ঘিরে।

২০২২ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ব্যবসায়িক সফলতার পাশাপাশি ব্যাপক প্রশংসা পায়। এ সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটিও বেশ জনপ্রিয়তা পায়।

সপ্তম দিন 'দরদ'

অনন্য মামুনের পরিচালনায় ভারতের বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তির খুনের গল্পের সিনেমা ‘দরদ’।

চিত্রনাট্যে দেখা গেছে, একের পর এক একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকেন বারানসিতে। ওই হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহ পড়ে শহরের দুলু মিয়া নামের এক আটোরিকশা চালকের উপরে। সেই দুলু মিয়া হয়েছেন শাকিব খান। সিনেমায় প্রেমের গল্পের আবরণে সাইকোথ্রিলার দেখানো হয়েছে। 

‘দরদ’ সিনেমায় শাকিবের নায়িকা হয়েছেন ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান।

১৪৯ মিনিট দৈর্ঘের এই সিনেমায় চারটি গান রয়েছে।

সিনেমার শুটিং হয়েছে ভারতের বারানসি ও এলাহাবাদে। শাকিব ও সোনাল ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ অনেকে।