১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মা হচ্ছেন অভিনেত্রী সোহিনী সরকার

চলতি বছরের শেষ নাগাদ দুই থেকে তিন হতে চলেছেন তারা ৷

মা হচ্ছেন অভিনেত্রী সোহিনী সরকার
সোহিনী সরকার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2026, 11:31 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

চব্বিশ সালে কলকাতার তুমুল আলোচিত ‘আরজি কর-কাণ্ডের’ জেরে অভিনেত্রী সোহিনী সরকার বলেছিলেন, তার দেশ ‘নিরাপদ নয়’; তাই আদৌ তিনি সন্তান পৃথিবীতে আনবেন কী না তা নিয়ে ভাবনার অবকাশ আছে।

এর মধ্যে দুবছর পেরিয়েছে; এখন, সোহিনী মা হচ্ছেন-এমন খবর কলকাতার সংবাদমাধ্যমে এসেছে। সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিয়ের দুই বছর পূর্ণ হওয়ার আগেই এই তারকা দম্পতির সংসারে প্রথম সন্তান আসার খবর এল।

সব ঠিক থাকলে চলতি বছরের শেষ নাগাদ দুই থেকে তিন হতে চলেছেন তারা৷

সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়।

সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়।

কলকাতার সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ জানিয়েছে, চলতি বছরের শুরুর দিক থেকেই মা হওয়ার পরিকল্পনা করেছিলেন সোহিনী। বর্তমানে তিনি অন্তঃসত্ত্বা অবস্থার মাঝামাঝি পর্যায়ে রয়েছেন। আর এই কারণেই গত কয়েক মাস ধরে সব ধরনের শুটিং, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ও লাইমলাইট থেকে পুরোপুরি নিজেকে দূরে রেখেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি কলকাতায় সোহিনী অভিনীত নতুন সিনেমা ‘ফেরা’র বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ঋত্বিক চক্রবর্তী ও সঞ্জয় মিশ্রের সঙ্গে এই সিনেমায় স্ক্রিন শেয়ার করেছেন তিনি।

সিনেমার প্রিমিয়ারে টালিগঞ্জের একঝাঁক তারকা ও কলাকুশলী উপস্থিত থাকলেও দেখা যায়নি সোহিনীকে। এর পর থেকেই মূলত সোহিনীর মা হতে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

তবে সন্তান আগমনের এই ব্যক্তিগত সুখবরটি এখনই সংবাদমাধ্যমের সামনে আনতে চান না শোভন ও সোহিনী।

চলচ্চিত্র ও সংগীত অঙ্গনে এই দম্পতির ঘনিষ্ঠ বন্ধুমহলের অনেকেই বিষয়টি জানেন, তবে যতদিন না পর্যন্ত এই জুটি নিজেরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিচ্ছেন, ততদিন এই বিষয়ে নীরব থাকছেন তাদের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

তবে সোহিনী-শোভনের এক ঘনিষ্ঠজনের কাছ থেকেই খবরটি জেনেছে ‘সংবাদ প্রতিদিন’। 

দীর্ঘদিনের প্রেম ও গুঞ্জনের অবসান ঘটিয়ে ২০২৪ সালের জুলাই মাসে পারিবারিকভাবে সাতপাকে বাঁধা পড়েছিলেন শোভন ও সোহিনী।