Published : 03 Nov 2025, 10:12 PM
খরা কেটেছে, এখন একের পর এক কাজ ধরা দিচ্ছে ভারতের হিন্দি সিনেমার অভিনেতা বিবেক ওবেরয়ের হাতে। তার মধ্যে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ অন্যতম।
রাণবীর কাপুরের সঙ্গে বিবেককে এই সিনেমায় বিভীষণের চরিত্রে দেখা যাবে বলে লিখেছে এনডিটিভি। আর বিবেক এই সিনেমায় কাজ করছেন সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে।
এর মধ্যে এক সাক্ষাৎকারে বিবেক বলেন, “আমি নমিতকে (প্রযোজক নমিত মালহোত্র) বলেছিলাম এই সিনেমা জন্য এক পয়সাও লাগবে না আমার। ওই অর্থ আমি ক্যানসার আক্রান্ত শিশুদের জন্য দান করতে চাই। এই সিনেমাটা আমার দারুণ লেগেছে, তাই আমি এই টিমের সঙ্গে থাকতে চাই। আমি মনে করি এই সিনেমাটা ভারতীয় চলচ্চিত্রে বিশ্বের দরবারে আরও উঁচুতে স্থান করে দেবে।”
অভিনেতার কথায়, রামায়ণ পৌরাণিক না ঐতিহাসিক, এই দ্বন্দ্ব চিরকালীন।
“আমরা বিশ্বাস করি যে এই কাহিনী ঐতিহাসিক এবং আমার এই কাজটা করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। একটা নতুন দলের সঙ্গে কাজ করতে গিয়ে অভিজ্ঞতা ভালো হয়েছে। প্রযোজক থেকে শুরু করে অভিনেতা, অভিনেত্রী সবাই ভালো কাজ করছে।”
‘রামায়ণ’ সিনেমার প্রথম দফার সম্পাদনা ইতিমধ্যেই শেষ হয়েছে। ভিএফএক্সের প্রতি এ বার বিশেষ নজরদারি শুরু হবে বলেও জানিয়েছে প্রযোজনা টিম।
এই সিনেমায় রাম হয়ে পর্দায় আসবেন রাণবীর কাপুর সীতা হিসাবে রয়েছেন সাই পল্লবী। অন্য দিকে, রাবণের চরিত্রে রয়েছেন দক্ষিণী তারকা যশ।
‘রামায়ণ: পার্ট ১’ সিনেমাটিকে আগামী বছরের সবচেয়ে প্রতিক্ষীত সিনেমা হিসেবে ধরা হচ্ছে ভারতে। আগামী বছরের শেষের দিকে দীপাবলীতে মুক্তির পরিকল্পনা নিয়ে কাজ এগিয়ে নিচ্ছে সিনেমা টিম।