Published : 25 Sep 2025, 08:14 PM
শর্টফিল্ম, মিউজিক্যাল ফিল্ম এবং ডকুফিল্ম প্রচারের জন্য নির্মাতা আবু রায়হান জুয়েল নিয়ে আসলেন নতুন প্ল্যাটফর্ম 'হোম থিয়েটার'।
ইউটিউব ও সোশাল মিডিয়ায় পাওয়া যাবে এই প্ল্যাটফর্মটি। যেখানে পরিচালক জুয়েল নতুন পরিচালক ও স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র প্রচারের জায়গা করে দিচ্ছেন।
জুয়েল গ্লিটজকে বলেন, তিনি ‘নারী, তুমি আওয়াজ তোলো’ নামের একটি শর্টফিল্ম আমি তৈরির পর খানিকটা বিপদে পড়েন। কারণ সে সময় তিনি লক্ষ্য করেন, ওই শর্টফিল্ম প্রচারের কোনো মাধ্যম নেই।
"এখানে অনেক শর্টফিল্ম তৈরি হয়, যেগুলো বিভিন্ন ফেস্টিভ্যালে যায়, প্রশংসা পায় কিন্তু আমাদের দর্শকদের দেখানোর কোনো মাধ্যম নেই। সেই অনুধাবন থেকে আমি সিদ্ধান্ত নেই একটি প্ল্যাটফর্ম তৈরি করার। এখানে শর্টফিল্ম, মিউজিক্যাল ফিল্ম এবং ডকুফিল্ম প্রচার হবে।"
জুয়েল জানিয়েছেন ‘হোম থিয়েটারে’ প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে দেখা যাচ্ছে ‘নারী, তুমি আওয়াজ তোলো’।
এই সিনেমায় জুয়েল তুলে ধরেছেন নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ, বিভিন্ন অসঙ্গতি, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে নারীর প্রতিবাদ।
নারীর কণ্ঠস্বর আরও জোরালো করে তুলতে এবং সমষ্টিগত সচেতনতা গড়ে তুলতে এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন বলে জানিয়েছেন তিনি।
'হোম থিয়েটারে' প্রচার হবে নির্বাচিত কনটেন্ট। যেখানে অতিরঞ্জিত ঘটনা নিয়ে তৈরি কনটেন্ট বা কমেডি জায়গা পাবে না বলে ভাষ্য এই পরিচালকের।
জুয়েল বলেন, "জীবনের গল্প, সমাজের বিভিন্ন কাজকে তুলে ধরবে, কোনো একটা বিশেষ প্রতিচ্ছবি তুলে ধরবে এমন সব চলচ্চিত্র জায়গা পাবে এই প্ল্যাটফর্মে। প্রেম, ভিউ আর্টিস্ট, ভিউ গল্প এসব কনটেন্ট এখানে দেওয়া হবে না।"
আগামী বছর এটি ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে আসবে এবং এই প্ল্যাটফর্ম থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের আয়োজন করার ইচ্ছে আছে বলে জানিয়েছেন জুয়েল।