Published : 24 Sep 2025, 04:24 PM
বিবাহিত ও দুই সন্তানের জনক গীতিকার জাভেদ আখতারকে বিয়ে করার সিদ্ধান্তে পরিবার থেকে যেমন বাধার মুখে পড়েছিলেন শাবানা আজমি, তেমনি পরিচিত-অপিরিচিত বহুজনের কাছ থেকে কটাক্ষ শুনতে হয়েছিল তাকে।
ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে ওই খারাপ সময় নিয়ে কথা বলেছেন বর্ষীয়ান এই অভিনেত্রী।
শাবানা বলেছেন, ‘নারীবাদী’ হিসেবে তার এক ধরনের পরিচিতি ছিল। বিবাহিত জাভেদকে বিয়ে করার বিষয়টির সঙ্গে তার ওই ‘নারীবাদী’ পরিচয় মিলিয়ে কটূ কথা বলা হয়।
মানুষ তাকে নিয়ে নানা রকমের চর্চা করবেন, এই ব্যাপারে নিশ্চিত ছিলেন শাবানা।
তিনি বলেন, “আমি জানতাম, মানুষ আমাকে নিয়ে কথা বলবে। অনেকেই বলবে যে তুমি বলবে, নারীবাদী বলো, তা হলে এমন পরিস্থিতিতে নিজেকে কীভাবে জড়িয়ে ফেললে?’ কিন্তু আমার কাছে আর কোনও উপায় ছিল না তখন।”

নিজের হয়ে কোনও যুক্তি দিতে যাননি তখন শাবানা। বরং নীরব থেকেই সামাল দিয়েছিলেন সবটা।
যদি সেই সময়ে জাভেদ আখতার প্রতারণা করতেন, তা হলে কী হত? পুরনো এক সাক্ষাৎকারে শাবানাকে এই প্রশ্ন করা হয়েছিল।
তখন তিনি বলেছিলেন, “আমার মনে হয়নি, জাভেদ আমার সঙ্গে প্রতারণা করতে পারেন না। ওর উপর আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। একদিনে এই বিশ্বাস তৈরি হয়নি। বহু দিন ধরে ওর প্রতি আমার আস্থা তৈরি হয়েছে।”
শাবানা ১৯৮৪ সালের ৯ ডিসেম্বর কবি ও গীতিকার জাভেদ আখতারকে বিয়ে করেন। তার আগে পরিচালক শেখর কাপুরের সঙ্গে শাবানার সম্পর্ক থাকলেও তা বিয়েতে গড়ায়নি।
জাভেদ যখন শাবানাকে বিয়ে করেন, তখন তার স্ত্রী ছিলেন হানি ইরানি। লামহেসহ বেশ কয়েকটি বলিউড সিনেমার চিত্রনাট্যকার হিসেবে খ্যাতি কুড়িয়েছেন হানি।

তাদের দুই সন্তান ফারহান আখতার ও যোইয়া আখতার তখন ছোট, তবে এখন তারাও বলিউডে নাম কামিয়েছেন। ফারহান অভিনেতা-নির্মাতা হিসেবে, আর যোইয়া নির্মাতা হিসেবে।
জাভেদকে বিয়ে করার পর কঠিন পরিস্থিতিতে হানি ইরানির সমর্থন পাওয়ার কথাও কৃতজ্ঞতার সঙ্গে বললেন শাবানা।
“সবচেয়ে ভালো বিষয় ছিল, হানি ইরানি আমার বিষয়ে তার সন্তানদের বিষিয়ে দেয়নি। সে এটা করতে পারত, কিন্তু কখনোই করেনি। এই কথা বলতেই হবে। এমনকি সে ছেলে-মেয়েদের আমার আর জাভেদের সাথে ঘুরতেও পাঠাত।”

“এই কৃতিত্ব হানি ইরানির, এই কৃতিত্ব জাভেদের, আর আমার কৃতিত্ব এই যে আমি ফারহান-যোইয়ার সঙ্গে সুসম্পর্কটা তৈরি করে এবং সেটি ধরে রাখতে পেরেছি,” বলেন শাবানা।
জাভেদকে বিয়ের পর তার দুই সন্তানকে হাতে ধরে বিভিন্ন স্থানে বেড়াতে দেখা যেত শাবানাকে।
জাভেদকে বিয়ে করার কারণ কী প্রশ্নের উত্তরে শাবানা বলেন, এই কবি-গীতিকার-চিত্রনাট্যকারের রসিকতাজ্ঞান ও বুদ্ধিদীপ্ত কথা বলার সহজাত ক্ষমতাই আকৃষ্ট করেছিল তাকে। সেই সঙ্গে ছিল জাভেদের জীবনবোধ।