০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রসূন রহমানের ‘শেকড়’ যাচ্ছে টরন্টো

‘শেকড়’ সিনেমায় উঠে এসেছে মানুষ ও মাটির চিরন্তন সম্পর্কের গল্প।

প্রসূন রহমানের ‘শেকড়’ যাচ্ছে টরন্টো
‘শেকড়’ সিনেমার পোস্টার। ছবি: পরিচালকের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2025, 12:41 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

অভিবাসন, বাস্তুচ্যুতি, আত্মপরিচয়ের সংকট, অনুসন্ধানসহ জীবনঘনিষ্ঠ গল্পে নির্মিত ‘শেকড়’ সিনেমার প্রিমিয়ার হতে যাচ্ছে কানাডার টরন্টোতে। 

আগামী ১৮ অক্টোবর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া (ইফসা) চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হবে সিনেমাটির। 

বিজ্ঞপ্তিতে সিনেমার নির্মাতা প্রসূন রহমান বলেছেন, দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র নিয়ে ৯ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চলবে এই উৎসব। উৎসবের সমাপনীর আগের দিন দেখানো হবে শেকড়। 

সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে নির্মাতা ছাড়াও উপস্থিত থাকবেন ভারতীয় অভিনেত্রী তিলোত্তমা সোম এবং আফগান নির্মাতা রয়া সাদাত। 

চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও ফিল্ম ফোরাম ও প্যানেল ডিসকাশনসহ জন্মশতবর্ষ উপলক্ষে এ বছর বিশেষ সম্মাননা দেওয়া হবে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা গুরু দত্তকে।

‘শেকড়’ সিনেমার চিত্রনাট্যে উঠে এসেছে মানুষ ও মাটির চিরন্তন সম্পর্কের গল্প। অভিবাসন এবং অভিবাসী মানুষের আত্মপরিচয়ের সংকটসহ শেকড়ের টানে ফিরে দেখার চেষ্টা শুধু বাংলা ভাষাভাষী মানুষেরই নয়, বিশ্বজুড়ে সবারই রয়েছে কাছাকাছি অনুভব। 

জন্মভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ার পরেও আবার সেই শেকড়ের সন্ধান খুঁজে ফেরার গল্প, পেছনে ফেলে আসা প্রিয় মানুষদের সঙ্গে আবার যোগাযোগ স্থাপনের প্রাণান্তকর চেষ্টার গল্প থাকছে এই সিনেমায়।

নির্মাতা প্রসূন রহমান বলেন, “জীবনের ডাকে আমরা শেকড় থেকে বিচ্ছিন্ন হই, তারপর আবার খুঁজে ফিরি সেই সোঁদা মাটির গন্ধ, যেখানে আমরা জন্মেছিলাম, প্রথম চোখ মেলে তাকিয়েছিলাম, প্রথম ভালোবাসার স্পর্শে আলোড়িত হয়েছিলাম। শেকড় সিনেমাটি হলো মাটির টানে সেই ফেলে আসা জীবনের দিকে আরেকবার ফিরে তাকানোর চেষ্টা।”

সানাউল মোস্তফার উপন্যাস অবলম্বনে সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন প্রসূন নিজেই। 

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম ও আইশা খান, দিলারা জামান, সমু চৌধুরী, সঙ্গীতা চৌধুরী, নাফিস আহমেদ, নাইরুজ সিফাত, রওনক রিপন, ফাতেমাতুজ জোহরা ইভা, শিশুশিল্পী মুনতাহা এমিলিয়াসহ অনেকে।

সিনেমাটি প্রযোজনা করেছে ইমেশন ক্রিয়েটর। শুটিং হয়েছে গাজীপুর, রাজশাহী ও কুষ্টিয়ায়। 

সংগীত পরিচালনা করেছেন রোকন ইমন। 

বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর পর আগামী বছর রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

আরও পড়ুন:এবার প্রসূন আসছেন 'শেকড়' নিয়ে