১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজের সঙ্গে বিচ্ছেদে তৃতীয় কারো হাত ছিল? যা বললেন পরীমনি

আমি চাই রাজ নিজের উপর বিশ্বাস রাখুক, কাউকে না বলেই বুঝুক যে তার একটি সন্তান আছে

রাজের সঙ্গে বিচ্ছেদে তৃতীয় কারো হাত ছিল? যা বললেন পরীমনি
পরীমনি। ছবি: ফেইসবুক থেকে নেওয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2026, 10:31 AM

Updated : 26 Aug 2026, 02:50 PM

ঢাকাই সিনেমার নায়িকা শামসুন্নাহার স্মৃতি পরীমনি ও নায়ক শরিফুল রাজের বিচ্ছেদ হয় প্রায় তিন বছর আগে। এই জুটির সম্পর্ক না টেকার পিছনে তৃতীয় কোনো পক্ষের ইন্ধন ছিল কী না সে বিষয়ে কৌতূহল ও প্রশ্ন উঠেছে বারবার। 

 সেই কৌতূহল এবার পরীমনি মিটিয়েছেন নিজেই। 

পরীমনি বলেন, "তৃতীয় পক্ষের কোনো বিষয় নয়, কেবল বোঝাপড়ার পার্থক্যের কারণে বিচ্ছেদ ঘটেছে।”

কদিন আগে একটি টেলিভিশন স্টেশনের পডকাস্ট অনুষ্ঠানে এসেছিলেন অভিনেত্রী। সেখানেই রাজ এবং বিচ্ছেদের কারণ নিয়ে করা প্রশ্নে পরীমনি অকপট কথা বলেন। 

সংসার টিকিয়ে রাখার চেষ্টা রাজের ছিল কী না জানতে চাইলে পরীমনি বলেন, "চেষ্টা যে করতে হয় এটাই তো জানেন না সে। বা কারো চেষ্টাকে সমর্থন জানাতে হয় সেটাও তো জানে না।"  

পরীমনি ও রাজকে নিয়ে বিনোদন জগতে একটা ভুল খবর ছড়িয়ে গেছে জানিয়ে পরীমনি বলেন, "আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে একটা ব্যাপার ছড়িয়েছে যে আমার জন্য সে বাচ্চার খোঁজ নিতে পারছে না, এটা খুবই একটা ভুল জিনিস। 

“আমি চাই রাজ নিজের উপর বিশ্বাস রাখুক, কাউকে না বলেই বুঝুক যে তার একটি সন্তান আছে এবং সে সেই দায়িত্ব নিজে উপলব্ধি করুক।" 

২০২২ সালের জানুয়ারিতে পরীমনির সন্তানসম্ভবা হওয়ার খবর জানানোর সঙ্গে তার সঙ্গে বিয়ের খবরটিও জানিয়েছিলেন অভিনেতা শরিফুল রাজ। পরীমনিও সে সময় জানান, তিনি মা হতে চলেছেন। সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ। দুজনের ভাষ্য ছিল, ২০২১ সালের ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে তাদের বিয়ে হয়। ২০২২ সালের ১০ অগাস্ট তাদের পুত্র সন্তানের জন্ম হয়।

এরপর কিছু বিষয়ে রাজ-পরীর মন কষাকষি হলেও তারা মিলেও গিয়েছিলেন। তবে কয়েক মাস আগে রাজের ফেইসবুক আইডি থেকে কয়েক চিত্রনায়িকার কিছু ব্যক্তিগত মুহূর্তের ভিডিও প্রকাশ হলে তা তাদের সংসারে ঝড় তোলে। রাজ বাড়ি ছাড়েন।

পরীমনি ও রাজ আলাদা হওয়ার পর তারা একটি সংবাদমাধ্যমে এসে একে অপরের দোষারোপ করে নিজেদের পক্ষে সাফাই গান। 

আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ কার্যকর হয় ২০২৩ সালের শেষের দিকে।

শাহ আলম মণ্ডলের ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্র দিয়ে ২০১৫ সালে বড় পর্দায় পথচলা শুরু পরীমনির। এ সিনেমায় তার বিপরীতে নায়ক ছিলেন জায়েদ খান।

চলচ্চিত্রের আগে পরীমনি নাটকেও অভিনয় করেছেন। সর্বশেষ এ তারকার ‘ফেলুবক্সী’ নামে একটি চলচ্চিত্র চলতি বছর কলকাতায় মুক্তি পেয়েছিল।

চলতি বছরে পরীমনির মুক্তির অপেক্ষায় রয়েছে 'গোলাপ' ও 'ডোডোর গল্প' নামের দুই সিনেমা।