১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওটিটিতে নুসরাত ফারিয়ার ‘জ্বীন ৩’, দেখতে খরচ ৪৫ টাকা

আইস্ক্রিনে চলছে সিনেমাটি।

ওটিটিতে নুসরাত ফারিয়ার ‘জ্বীন ৩’, দেখতে খরচ ৪৫ টাকা
‘জ্বীন ৩’ সিনেমার পোস্টার। ছবি: আইস্ক্রিনের ফেইসবুক পেইজ থেকে নেওয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2025, 06:01 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া নুসরাত ফারিয়া ও আব্দুন নূর সজল জুটির ‘জ্বীন ৩’ সিনেমাটি এসেছে ওটিটি প্ল্যাটফর্মে।

সিনেমাটি চলছে আইস্ক্রিনে। কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র ৪৫ টাকায় আইস্ক্রিনে মাসিক প্রিমিয়াম প্যাকেজ সাবসক্রাইব করলেই দেখা যাবে সিনেমাটি।

‘জ্বীন ৩’ নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান। এই সিনেমা দিয়ে অর্ধযুগ পর জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে কাজ করেছেন ফারিয়া।

সিনেমার গল্পে দেখা গেছে, সুমন নামে একটি ছেলে মৃত্যুর পর কবর থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরে। চেয়ারম্যানের মেয়ে ফারিয়ার দৃষ্টিতে সুমনের এই বেঁচে ফিরে আসার ঘটনা যুক্তির বাইরে। 

ফারিয়া তার বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের শিক্ষক বিজয়কে অনুরোধ করে গ্রামে এসে এই রহস্য উন্মোচন করতে। গ্রামে আসার পর অস্বাভাবিক ও অদ্ভুত নানা ঘটনার মুখোমুখি হন বিজয়। একসময় রহস্যের জালে জড়িয়ে পড়েন তিনি। এভাবেই এগিয়ে যাবে সিনেমাটি।

‘জ্বীন ৩’ সিনেমায় আরও অভিনয় করেছেন তানিয়া আহমেদ, নাদের চৌধুরীসহ কয়েকজন।

২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘জ্বীন’। সিনেমাটি প্রযোজনা করে জাজ মাল্টিমিডিয়া।‘ ভালো’ ব্যবসা হওয়ায় সেটির ধারাবাহিকতায় মুক্তি পায় ‘মোনা: জ্বীন-২’ ও 'জ্বীন ৩' সিনেমা।