Published : 21 Jul 2026, 09:29 PM
কিংবদন্তী কণ্ঠশিল্পী রুনা লায়লাকে নিয়ে যে 'একক সংগীতানুষ্ঠান ও সম্মাননা প্রদান' অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেই অনুষ্ঠানের টিকেট বিক্রি হবে তিন ক্যাটাগরিতে।
শিল্পকলা একাডেমি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রুনা লায়লার প্রতি শ্রদ্ধা এবং সংগীতের ভুবনে তার অবদানকে জাতীয়ভাবে সম্মানিত করার লক্ষ্যে আগামী ২৪ জুলাই এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জাতীয় নাট্যশালা মিলনায়তনে সেদিন সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পীকে সম্মাননা দেওয়া হবে। পাশাপাশি হবে একক সংগীতানুষ্ঠান। সেখানে রুনা লায়লা বিভিন্ন ভাষায় তার দর্শকপ্রিয় ও বিখ্যাত গানগুলো গাইবেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানে বন্যার্তদের সাহায্যার্থে গাইবেন তিনি। টিকেটের দাম ঠিক হয়েছে ২০০০, ৩০০০ এবং ৫০০০ টাকা। টিকেট বিক্রির অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য রাখবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন।
ষাট বছরের সংগীত জীবনে বাংলা, উর্দু, হিন্দি পাঞ্জাবিসহ ১৮টি ভাষায় দশ হাজারের বেশি গান গেয়েছেন রুনা লায়লা। গানে গানে সমাদৃত হয়েছেন দেশে দেশে, খ্যাতির অনন্য উচ্চতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
রুনা লায়লা সিনেমায় প্লেব্যাক শুরু করেন কিশোরী বয়স থেকে। উর্দু গানের বড় বড় শিল্পীদের সঙ্গে গাইতেন। 'জুগনু' সিনেমা দিয়ে ১৯৬৫ সালে তার প্লেব্যাক ক্যারিয়ার শুরু হয়।
আর বাংলা সিনেমাতে গান গাওয়া শুরু করেন সুবল দাসের সুরে 'স্বরলিপি' সিনেমায়। পাঁচ বছরের ব্যবধানে প্রায় এক হাজার গান রেকর্ড হয়ে যায় তার।
১৯৭৪ সালে বাংলাদেশে আসেন রুনা। সে সময় ভারতে বড় তিনটি কনসার্টে গান পরিবেশন করে সে দেশের দর্শকদের কাছেও সমাদৃত হন।
বিশেষ করে ‘দমাদম মাস্ত কলন্দার’ গান গেয়ে ভারতে আলাদা পরিচিতি পান তিনি। ভারতের দুই কিংবদন্তী সংগীত শিল্পী লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের সঙ্গেও সখ্য ছিল রুনা লায়লার।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আটবার সেরা নারী কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছেন রুনা। বাংলাদেশ সরকার এই শিল্পীকে দেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে।
এছাড়া ভারতে পেয়েছেন সায়গল পুরস্কার, ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা। পাকিস্তান থেকে তার ঝুলিতে এসেছে নিগার, ক্রিটিক্স, গ্র্যাজুয়েটস পুরস্কার।
কেবল গান নয়, চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’ চলচ্চিত্রে অভিনয়ও করেছেন রুনা লায়লা।