১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ছায়ানটে শুরু হচ্ছে নতুন অনলাইন পাঠদান কর্মসূচি

‘সঙ্গীত-পরিচয়’ শিরোনামের গানের প্রাথমিক পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এই পাঠদান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2026, 09:47 PM

Updated : 16 Sep 2026, 12:57 PM

প্রবাসী বাংলাভাষী এবং ঢাকার বাইরের সংগীতানুরাগীদের ঘরে বাংলা সংস্কৃতির চর্চা পৌঁছে দিতে অনলাইন প্রশিক্ষণ কর্মসূচি শুরু করতে যাচ্ছে ‘ছায়ানট’।  

রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় ‘সঙ্গীত-পরিচয়’ শিরোনামের গানের প্রাথমিক পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই অনলাইন ক্লাস শুরু হচ্ছে। এরপর ২০ সেপ্টেম্বর থেকে অগ্রসর গাইয়েদের জন্য শুরু হবে বিশেষ ধাপ ‘নিবিড় শিক্ষণ’।    

বিজ্ঞপ্তিতে ছায়ানট বলেছে, অনলাইন পাঠের প্রথম ধাপে ‘সঙ্গীত-পরিচয়’ আওতায় লোকসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত ও সরগম শেখানো হবে। বয়সভেদে ‘শিশু-কিশোর’ এবং ‘সাধারণ’— এই দুই শাখায় মোট ১২১ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এর মধ্যে দেশের বিভিন্ন প্রান্তের ৯৩ জন শিক্ষার্থী ছাড়া উত্তর আমেরিকা থেকে ১২ জন, ইউরোপ থেকে সাতজন এবং অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ভারত থেকে নয়জন প্রবাসী যুক্ত হয়েছেন। ক্লাস হবে সপ্তাহের নির্দিষ্ট দিনে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত। 

‘নিবিড় শিক্ষণ’ এ কিরন চন্দ্র রায়, খায়রুল আনাম শাকিল ও লাইসা আহমদ লিসা

এই প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় ধাপ ‘নিবিড় শিক্ষণ’ শুরু হবে আগামী ২০ সেপ্টেম্বর। এই ধাপে অগ্রসরমানের গান শেখাবেন দেশের তিন শিল্পী ও শিক্ষক কিরন চন্দ্র রায় (লোকসঙ্গীত), খায়রুল আনাম শাকিল (নজরুলসঙ্গীত) এবং লাইসা আহমদ লিসা (রবীন্দ্রসঙ্গীত)। 

প্রতি রোববার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সোয়া ৭টা পর্যন্ত এই ক্লাস অনুষ্ঠিত হবে। বর্তমানে এই ধাপের জন্য শিক্ষার্থী নির্বাচনের সাক্ষাৎকার প্রক্রিয়া চলছে। 

এদিকে অনলাইন ক্লাসের এই নতুন আয়োজনের বিস্তারিত সামনে তুলে ধরতে রোববার সংবাদ সম্মেলন ডেকেছে ছায়ানট। সেখানে কথা বলবেন ছায়ানটের সভাপতি সারওয়ার আলী ও সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।

এর আগে ২০২০ সালে সন্‌জীদা খাতুনের তত্ত্বাবধানে ইউটিউবে রেকর্ডেড ভিডিও ‘গানের নিবিড় পাঠ’ এর মাধ্যমে প্রথম দূরশিক্ষা শুরু হয়েছিল। এরপর ২০২৪ সালের ১ ডিসেম্বর বড় পরিসরে ফেইসবুকে আত্মপ্রকাশ করে ছায়ানট।