Published : 02 May 2025, 09:38 PM
কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে সিনেমা ‘প্রিয় সত্যজিৎ’।
নির্মাতা প্রসূন রহমান সত্যজিৎ রায়কে উৎসর্গ করে এই সিনেমাটি নির্মাণ করেছিলেন। সিনেমাটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হলেও হল মালিকদের ‘অনাগ্রহের’ কারণে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি।
তবে শুক্রবার থেকে মাত্র ৩৫ টাকায় ওটিটির দর্শকরা দেখতে পারবে সিনেমাটি।
বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, সত্যজিৎ রায়ের জন্মদিনের এই বিশেষ দিনটিতে তাকে স্মরণ করতেই চরকিতে মুক্তি দেওয়া হয়েছে ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমা।
সিনেমাটি নিয়ে নির্মাতা প্রসূন রহমান বলেন, “এটি সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে ট্রিবিউট হিসেবে নির্মিত হলেও নির্দিষ্ট কোনো সময়ের চলচ্চিত্র নয়। সত্যজিতকে সঙ্গী করে সাহিত্যের প্রতি, সিনেমার প্রতি, জীবনঘনিষ্ঠ শিল্পের প্রতি ভালোবাসা জানানোর চলচ্চিত্র এটি। শিল্পের অনুষঙ্গে দিনযাপনের যে কোনো উপলক্ষেই এর প্রদর্শন প্রাসঙ্গিক হয়ে উঠবে। চলচ্চিত্রপ্রাণ দর্শকের কিছুটা ভালোবাসা পাক ‘প্রিয় সত্যজিৎ’ এইটুকু প্রত্যাশা।”
এর আগে গ্লিটজের সঙ্গে আলাপে প্রেক্ষাগৃহে মুক্তি না দিয়ে ওটিটিতে কেন জানতে চাইলে তিনি বলেন, “এটি যেহেতু ট্রিবিউট চলচ্চিত্র, বাণিজ্যিক সিনেমা না। তাই প্রেক্ষাগৃহে মালিকদের এই সিনেমা নিয়ে আগ্রহ কম। তাদের ইচ্ছার উপরেই নির্ভর করছে এই সিনেমা মুক্তি। প্রেক্ষাগৃহ সবসময় একটু বাণিজ্যিক ধর্মী, বিনোদনমূলক সিনেমা খোঁজে।
“এটা যেহেতু বাণিজ্যিক সিনেমা না, সত্যজিৎ রায়কে নিয়ে নির্মিত সিনেমা। এই ধরনের সিনেমা বিকল্প পন্থায় দেখতে মানুষ বেশি পছন্দ করে। হলে গিয়ে দেখতে পছন্দ করবে না। প্রদর্শকরা এটাই ভাবছেন। এটা ভেবেই প্রেক্ষাগৃহে মুক্তি না দিয়ে ওটিটিতে মুক্তি দিচ্ছি।”
চরকির হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভলপমেন্ট ফয়সাল রহমান বলেন, “‘প্রিয় সত্যজিৎ’ চরকিতে এক্সক্লুসিভলি মুক্তি পেয়েছে। কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে নির্মিত চলচ্চিত্রটি যেন সবার দেখার সুযোগ থাকে সেজন্য আমরা সিনেমাটি ট্র্যানজেকশনাল ভিডিও অন ডিমান্ড বা টিভিওডি পদ্ধতিতে মুক্তি দিয়েছি।”
রহমান বলেছেন, চরকির সাবস্ক্রাইবাররা সিনেমাটি দেখতে পারবেন নিয়মিত নিয়মেই। আর যারা সাবস্ক্রাইবার নন, তারা ৩৫ টাকা দিয়ে দেখে নিতে পারবেন সিনেমাটি। ভারতের দর্শকরা ৩৫ রুপিতে এবং দেশের বাইরের দর্শকরা ১ দশমিক ৯৯ ডলারে দেখতে পারবেন সিনেমাটি।
তিন সময়ের তিন চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে সিনেমার গল্প বুনেছেন নির্মাতা প্রসূন রহমান। তিন নির্মাতার একজন সত্যজিৎ রায়, যিনি উপস্থিত না থেকেও সিনেমায় বিরাজমান। আর অন্য দুজন পরবর্তী দুই প্রজন্মের আহমেদ রুবেল এবং মৌটুসী বিশ্বাস। প্রসূনের নিজস্ব প্রযোজনা সংস্থা ইমোশন ক্রিয়েটরের ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি, চিত্রনাট্যও তার।
কিশোরগঞ্জের মসূয়ায় সত্যজিৎ রায়ের দাদা উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর বাড়িসহ আরও কয়েকটি এলাকা ও পুরান ঢাকার একটি বাড়িতে শুটিং হয়েছে। রুবেল ও মৌটুসী ছাড়াও সাঈদ বাবু, সঙ্গীতা চৌধুরী, লাবণ্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান নদী, পংকজ মজুমদারসহ অনেকে কাজ করেছেন।
গত বছর নেপাল ইন্টারন্যাশনাল কালচারাল ফিল্ম ফেস্টিভালের পঞ্চম আসরে ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ শাখায় ‘প্রিয় সত্যজিৎ’ এর জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন প্রসূন। তিনি এ পুরস্কার উৎসর্গ করেছিলেন এই সিনেমার মূল চরিত্রটি করা প্রয়াত অভিনেতা আহমেদ রুবেলকে।
আরও পড়ুন: