১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘চাঁদের আলো’ নির্মাতা নজরুল ইসলামের মৃত্যু

‘পিতার মত মানুষকে হারালাম,’ বলেন অভিনেতা ওমর সানী; যার চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু হয় নজরুল ইসলামের হাত ধরে।

‘চাঁদের আলো’ নির্মাতা নজরুল ইসলামের মৃত্যু
শেখ নজরুল ইসলাম, চাঁদের আলো সিনেমার পোস্টার, ওমর সানী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2025, 08:46 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

‘চাঁদের আলো’ এর মত একাধিক জনপ্রিয় চলচ্চিত্রের নির্মাতা শেখ নজরুল ইসলাম মারা গেছেন।

রাজধানীর ইবনে সিনা হাসপাতালে শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হঠাৎ করে অসুস্থ হওয়ার পর ১৬ নভেম্বর থেকে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি।

খান আতাউর রহমান ও জহির রায়হানের সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে আসা এ নির্মাতার মৃত্যুতে শোক প্রকাশ করে ফেইসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেতা ওমর সানী। নজরুল ইসলামের হাত ধরেই চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন এই অভিনেতা।

এই অভিনেতা গ্লিটজকে বলেন, “পিতার মত একজন মানুষকে হারালাম। উনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। হঠাৎ করেই বেশি অসুস্থ হয়ে গেলেন এবং গেল ১৬ নভেম্বর হাসপাতালে ভর্তি হন। আমরা কয়েকজন মিলে কিছুদিন আগে ইবনে সিনা হাসপাতালে দেখতে গিয়েছিলাম। সকালে মৃত্যুর খবর পাই, উনার মৃত্যুতে আমিও অনেকটা ভেঙে পড়েছি। মরদেহ এফডিসিতে নিয়ে আসার কথা ছিল। কিন্তু পরিবারের সিদ্ধান্তে নাটোরে নিয়ে যাওয়া হয়।”       

তিনি বলেন, নাটোরের কালিগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে এ নির্মাতার লাশ। সেখানেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নজরুল ইসলামকে নিয়ে ফেইসবুকে পোস্টে ওমর সানী লেখেন, “আমার ওস্তাদ (শেখ নজরুল ইসলাম) না ফেরার দেশে চলে গেলেন। আমার প্রথম সিনেমা চাঁদের আলোর পরিচালক। আমার মনে হচ্ছে আমার মা, বাবা, আমার শ্বশুর, প্রিয়জনদের পর আমার বুকটা আবার খালি হলো।

“শেখ নজরুল ইসলাম একটি ইতিহাস, একটি চলচ্চিত্র। আমার মত এক অধম ওমর সানীকে তিনি আবিষ্কার করেছিলেন। আমি আপনার কাছে কৃতজ্ঞ, ওস্তাদ। সবাই দোয়া করবেন।”  

শেখ নজরুল ইসলাম একই সঙ্গে ছিলেন নির্মাতা, কাহীনিকার, সংলাপ ও চিত্রনাট্যকার, গীতিকার ও অভিনেতা। খান আতাউর রহমান ও জহির রায়হানের সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে পথচলা শুরু তার।

পরে একক নির্মাতা হিসেবে তিনি নির্মাণ করেন ‘চাবুক’, ‘চাঁদ’, ‘এতিম’, ‘নাগিন’, ‘মাসুম’, ‘ঈদ মোবারক’, ‘আশা’, ‘পরিবর্তন’, ‘নতুন পৃথিবী’, ‘দিদার’, ‘সালমা’, ‘বউ–শাশুড়ি’, ‘কসম’, ‘বিধাতা’, ‘স্ত্রীর পাওনা’, ‘চাঁদের আলো’, ‘চাঁদের হাসি’, ‘চক্রান্ত’, ‘সিংহ পুরুষ’, ‘সব খতম’, ‘দমন’, ‘জোছনার প্রেম’, ‘মা বড় না বউ বড়’ ইত্যাদি চলচ্চিত্র।  

ষাটের দশকে শেখ নজরুল ‘সাত ভাই চম্পা’ সিনেমায় অভিনয় করেন। এরপর তাকে দেখা যায় বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করতে। জহির রায়হানের অসমাপ্ত ‘লেট দেয়ার বি লাইট’ সিনেমায় সহকারী হিসেবে কাজ করেছেন তিনি।