Published : 15 Dec 2025, 05:52 PM
আইন, নিষেধাজ্ঞা ও ক্ষমতার অদৃশ্য দেয়াল আর জমির নিয়ে মানুষের লড়াইয়ের গল্প তুলে ধরেছে মঞ্চনাটক ‘ভূমিসূত্র’।
কাব্যিক ভাষা ও সংগীতের আবহে মানুষের টিকে থাকার আকুতি, শোষণ ও প্রতিরোধের ইতিহাস দেখা গেছে এই নাটকে।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও কক্সবাজার জেলা সংসদের উদ্যোগে শনিবার সন্ধ্যায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহিদ সুভাষ হলে নাটকটি প্রদর্শিত হয়।
এই নাটকের মাধ্যমে উদীচী শিল্পীগোষ্ঠী ও কক্সবাজার জেলা সংসদের আয়োজিত চার মাসব্যাপী প্রযোজনাভিত্তিক নাট্য কর্মশালার সমাপ্তি ঘটেছে।

প্রায় অর্ধশতাধিক প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে মঞ্চে আসা নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন ইমরান হোসেন ইমু। সংগীত পরিচালনা করেন রিদিতা মায়িশা।
নাটকের গল্প আবর্তিত হয়েছে রাজনৈতিক ও মানবিক আবেগকে কেন্দ্র করে। কেন্দ্রীয় চরিত্র অরুপ কবিয়াল একজন লোকগানশিল্পী, যিনি গান গেয়ে জীবিকা নির্বাহ করেন। দীর্ঘদিনের দখলদারি ও ক্ষমতার চক্রে তার পরিবারসহ চারপাশের মানুষ ক্রমে অবরুদ্ধ হয়ে পড়ে।
একই সময়ে সংবাদমাধ্যমে ‘উন্নয়নের গল্প’ তুলে ধরা হলেও বাস্তবতার কণ্ঠস্বর চাপা পড়ে যায়। নাটকে জমিকে শুধু সম্পদ নয়, ক্ষমতার উৎস হিসেবেও দেখানো হয়েছে।

নাটকটি নিয়ে নির্দেশক ইমরান হোসেন ইমু বলেন, “‘ভূমিসূত্র’ কেবল জমির সংকটের গল্প নয়। এটি মানুষের শিকড়, অহংকার, লোভ ও স্বপ্নের টানাপোড়েনের প্রতিচ্ছবি। এই নাটকে মাটি নিজেই কথা বলে তার বুকে জমা থাকে শোষণ, প্রতিরোধ ও অসহায়তার ইতিহাস।
“নাটকের প্রতিটি চরিত্রই বাস্তব মানুষের প্রতিচ্ছবি। কোরাসকে আমরা ‘মাটির আত্মা’ হিসেবে দেখিয়েছি যারা ঘটনার সাক্ষী, ইতিহাসের ধারক এবং ভবিষ্যতের জন্য এক ধরনের সতর্কবার্তা।”
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদের সভাপতি আশুতোষ রুদ্র বলেন, “এই প্রযোজনা আমাদের দীর্ঘমেয়াদি নাট্যচর্চার অংশ। কর্মশালার মাধ্যমে নতুন প্রজন্মকে মঞ্চের ভাষা ও দায়বদ্ধতার সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছি।”
নাটক শেষে দর্শকদের মধ্যে অনেকেই বলেছেন, দীর্ঘদিন পর কক্সবাজারে এমন চিন্তাশীল ও দায়বদ্ধ মঞ্চনাটক দেখার সুযোগ হয়েছে।

দর্শক মোস্তাফিজুর রহমান বলেন, “এ ধরনের নাটক আমাদের ভাবতে শেখায়। শুধু বিনোদন নয়, সমাজকে বুঝতে সাহায্য করে। কক্সবাজারে নিয়মিত মঞ্চনাটক হওয়া খুবই দরকার।”
আরেক দর্শক নাসরিন আক্তার বলেন, “নাটক দেখে মনে হয়েছে এটি আমাদেরই গল্প। জমি, মানুষ আর ক্ষমতার সম্পর্ক খুব কাছ থেকে তুলে ধরা হয়েছে।”
জেলার সাংস্কৃতিক সংগঠক আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ বলেন, ‘ভূমিসূত্র’ শুধু উদীচীর একটি নাট্যপ্রযোজনা নয়; এটি কক্সবাজারের মঞ্চসংস্কৃতি ফিরে আসার একটি ‘শক্ত বার্তা’। মানুষের সঙ্গে মাটির সম্পর্ক, অধিকার ও বঞ্চনার গল্পকে কাব্যিক কিন্তু নির্মম বাস্তবতায় তুলে ধরেছে নাটকটি।