Published : 28 Oct 2023, 11:51 AM
'কিসি কা ভাই কিসি কা জান' সিনেমার নায়িকা পূজা হেগড়ে বলিউড তারকা সালমান খানের জীবনের নায়িকা হয়ে উঠছেন কি না, সেই গুঞ্জন শোনা যাচ্ছিল গত বছর থেকে। এখন শোনা যাচ্ছে অন্য কথা।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, দক্ষিণী এই নায়িকা নাকি এক ক্রিকেটারের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। এবং সেই প্রেমের সম্পর্ককে ছাদনাতলায় নিয়ে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী।
সেই ক্রিকেটার হলেন ভারতের জাতীয়দলের ডানহাতি ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। শিগগিরই নাকি বিয়ের খবর সবার সামনে আনবেন পূজা।
হৃতিক রোশানের সঙ্গে 'মহেঞ্জোদারো' সিনেমা নিয়ে বলিউডে পা রেখেছিলেন পূজা। এরপর করেন ‘সার্কাস’ ও ‘বিস্ট’। সর্বশেষ তাকে সালমানের সঙ্গে জুটি বেঁধে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় দেখা যায়। আগামীতে আরও দুটি সিনেমায় সালমানের নায়িকা হয়ে পর্দায় আসবেন তিনি।
গতবছর সিনেমার শুটিংয়ের সময় খবর আসে, সালমান ও পূজা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলমেশা করছেন। সেই খবর জোরালো হলে পূজা বলেন, "আমি ক্যারিয়ার নিয়ে মনোযোগী। এক শহর থেকে আরেক শহরে কাজ নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এটাই এখন আমার লক্ষ্য, ওসব প্রেমট্রেম নিয়ে ভাবার সময় নেই।"
পূজা মুখে এ কথা বললেও শুটিংয়ের বাইরেও সালমানের সঙ্গে তাকে ঘুরতে দেখা গেছে। এও শোনা গেছে, পূজার ক্যারিয়ার গড়তে সালমান নিজেও মনযোগী হয়েছেন। সংবাদসূত্র: টাইমস অব ইন্ডিয়া
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)