১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নকশী কাঁথার বুননে একাত্তর, সিনেমাটি আসছে ওটিটিতে

আকরাম খান পরিচালিত এই সিনেমাটি গেল বছরের ২৭ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।

নকশী কাঁথার বুননে একাত্তর, সিনেমাটি আসছে ওটিটিতে
‘নকশী কাঁথার জমিন’ সিনেমার দৃশ্যে জয়া আহসান। ছবি:পরিচালকের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2025, 04:10 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোতে দুই নারীর জীবনে ঘটে যাওয়া ভয়াবহতা ঘিরে তৈরি হওয়া সিনেমা ‘নকশী কাঁথার জমিন’ দেখা যাবে ওটিটিতে।

আইস্ক্রিন বলছে, চলতি মাসের শেষের দিকে ‘নকশী কাঁথার জমিন’ মুক্তি পেতে চলেছে। 

আকরাম খান পরিচালিত সিনেমাটি গেল বছরের ২৭ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।  

কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে এই সিনেমায়।  

চিত্রনাট্যে দেখা যাবে, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে দুই বোন রাহেলা ও সালেহার গল্প। যুদ্ধের সময় তাদের পরিবারের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়। নিজেদের বাড়ির মধ্যেই যুদ্ধটা যেন চলতে থাকে। যুদ্ধের পর তারা দেখতে পায় মুক্তির সংগ্রামে তাদের জীবনের সবই হারিয়ে গিয়েছে। পরে তারা নকশি কাঁথার বুননে তাদের জীবনের সংগ্রামের আখ্যানটা নকশায় ফুটিয়ে তুলেন।  

‘নকশী কাঁথার জমিন’ সিনেমার পোস্টার। ছবি:পরিচালকের সৌজন্যে।

‘নকশী কাঁথার জমিন’ সিনেমার পোস্টার

এতে দুই বোনের চরিত্রে জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি কাজ করেছেন; দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান।

গুরুত্বপূর্ণ আরও দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির সময় নিজের চরিত্রটি নিয়ে জয়া আহসান বলেছিলেন, "আমার রাহেলা চরিত্রের একটা চ্যালেঞ্জ ছিল। চরিত্রটি এমন বড় বোন রাহেলা হবে পাথরের মত একটা মানুষ। তার কোনো অভিব্যক্তি নেই, সে কখনো কাঁদে না। রাহেলা খুশি হলেও বোঝা যাবে না, দুঃখ পেলেও বোঝার উপায় নেই। তার কোনো অনুভূতি থাকবে না।

"এই চরিত্র করতে গিয়ে আমার চ্যালেঞ্জ এটাই ছিল যে আমি কখনোই চোখের পাতা ফেলতে পারব না। শুটিংয়ে এই জিনিসটা মাথায় রেখে কাজ করতে হত। আমাদের স্বভাবতই কয়েকবার করে আমরা চোখের পাতা ফেলি কিন্তু সেটা না করাই ছিল চ্যালেঞ্জ।"

সিনেমার গল্প নিয়ে জয়া বলেন, “আমাদের দেশের আমাদের মুক্তিযুদ্ধের গল্পের সিনেমা এটি। মুক্তিযুদ্ধ নিয়ে নারীদের যে বেদনা, সে সময়টা তারা কীভাবে জীবনযাপন করেছেন, যুদ্ধের পরেও তাদের যে জীবন সেটাও উঠে এসেছে সিনেমায়।"

‘নকশী কাঁথার জমিন’ এর আগে ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেয়েছে।

এছাড়া ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) আইসিএফটি-ইউনেসকো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয়েছিল সিনেমাটি।