Published : 29 May 2023, 03:26 PM
“মন্দিরে গিয়ে টাকা নষ্ট না করে গরীবদের মাঝে বিলিয়ে দেওয়া ভালো”– অনেক বছর আগে এই ভাষ্যের জন্য সমালোচিত নায়ক অক্ষয় কুমারকে ক্যারিয়ারে ‘মন্দা’র সময়ে পাওয়া গেছে ভারতের কেদারনাথ মন্দিরে। সোশাল মিডিয়ায় অক্ষয়ের মন্দির দর্শনের ছবি ছড়িয়ে পড়ার পর বিদ্রুপ আর কটাক্ষে ভাসছেন তিনি।
আজমীর শরীফে একবার নয়, অনেকবার গেছেন শাহরুখ খান। কেবল সিনেমা মুক্তিকে কেন্দ্র করে নয়, প্রায়ই তাকে দেখা যায় সেখানে। বলিউডের এই তারকার ভাষ্য, আজমীর শরীফে সুফি সাধক মুইনুদ্দিন চিশতির সমাধি প্রাঙ্গণের পরিবেশ তাকে ‘প্রশান্ত’ করে। সেখানে গিয়ে প্রার্থনা করলে তার ‘ভালো’ হয়।
মুম্বাইয়ে সিদ্ধিবিনায়কের মন্দিরে পূজা দিতে যাওয়া একসময় দীপিকা পাড়ুকোনের নৈমিত্তিক কাজ হয়ে দাঁড়িয়েছিল, যখন তিনি মনের ‘অসুখে’ ভুগছিলেন। পরে সুস্থ হয়ে এখন কেবল সিনেমা মুক্তির আগে ওই মন্দিরে বিগ্রহের কাছে প্রার্থনা করতে যান তিনি।
গণেশ প্রীতি আছে হিন্দি সিনেমার মেগাস্টার অমিতাভ বচ্চনের। বছর বছর ভাদ্রমাসে ‘গণেশ চতুর্থীতে’ অমিতাভ গণেশের পূজা করে থাকেন।
সিদ্ধিবিনায়ক মন্দিরে কেবল দীপিকা নন, হালের নায়ক কার্তিক আরিয়ানও যান। বিশেষ করে নতুন সিনেমার শুটিংয় ও মুক্তির আগে এই মন্দিরে কার্তিকের আসাযাওয়া নিয়মিত ঘটনা।