মহানগর টু আসবে কবে?
কারাগার নিয়েও আলোচনার মধ্যে আসছে মহানগর প্রসঙ্গও।
গত বছরের জুন মাসে ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তির পর দর্শক আ্গ্রহের কেন্দ্রে উঠে আসে ওয়েব সিরিজ ‘মহানগর’। দর্শক দাবি তোলেন সিরিজটির দ্বিতীয় সিজন দেখার।
এক পর্যায়ে মহানগর-টু নির্মাণের ঘোষণা আসে হইচই ও নির্মাতা আশফাক নিপুনের পক্ষ থেকে। সেই থেকে দর্শকের অপেক্ষা। এখনও সোশাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে আশফাককে প্রশ্ন দেখতে হয়- ‘কবে আসছে মহানগর-টু?’
সম্প্রতি হইচইয়ে মুক্তি পেয়েছে আরেক ওয়েব সিরিজ ‘কারাগার’। কারাগার নিয়েও তুমুল আলোচনা চলছে। তাতে চলে আসছে মহানগর প্রসঙ্গও।
হইচইবাংলাদেশের জনসংযোগ ও বিপণন কর্মকর্তা ফয়সাল মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামনে আশফাক নিপুন পরিচালিত মহানগর টু আসবে। এটাও দর্শকদের প্রতীক্ষিত একটি কাজ। এরপর চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতেই আসবে কারাগারের দ্বিতীয় পর্ব। আমাদের হাতে এখন কারাগার দ্বিতীয় পর্ব আর মহানগর টু নিয়েই ভাবনা। যেটা আগে হাতে পাব, সেটাই মুক্তি দেব।”
তাহলে কি মহানগর টু দ্রুতই আসছে-জানতে চাইলে নির্মাতা আশফাক নিপুন বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “এটা আমি এখনও জানি না। মহানগর নিয়ে ওইভাবে প্ল্যান করিনি। ফলে এখনই কিছু বলতে পারছি না।”
প্রসঙ্গক্রমে তিনি বলেন, “সেদিন শাওকিকে (কারাগার নির্মাতা সৈয়দ আহমেদ শাওকি) বলছিলাম, ও খুবই ভাগ্যবান। কারণ, কারাগারের দুই পর্ব একসাথে শুটিং করা হয়েছে। যদি দুই পর্ব একসাথে শুটিং করা না থাকত, ওর জন্য দ্বিতীয় পর্বের কাজ ধরা খুবই কঠিন ছিল। কেননা যে পরিমাণ জনপ্রিয় হয়েছে; দর্শকের চাপ, প্রত্যাশার চাপ সব সামলে কারাগারের স্ক্রিপ্ট রেডি করতেই হিমশিম খেতে হত।”
মহানগর টু’র কবে শুটিং শুরু হতে পারে- জানলে চাইলে নিপুন বলেন, “আমার কোনো প্ল্যানিংয়ের মধ্যেই নাই। দেখি কী করা যায়। যেদিন নাজিল হবে (মাথায় আসবে) সেদিন হবে।”
মহানগরের অভিনয়শিল্পীদের মধ্যে ছিলেন মোশাররফ করিম, জাকিয়া বারী মম, শ্যামল মওলা, খায়রুল বাসার, মোস্তাফিজুর নুর ইমরান, নিশাত প্রিয়ম।
মহানগরের দ্বিতীয় পর্বে নতুন কোনো চরিত্র যুক্ত হওয়া কিংবা চরিত্র বাদ পড়ার সম্ভাবনা আছে কি না- এ প্রশ্নের জবাবে নিপুন বলেন, “বাদ যাওয়ার বিষয়ে বলতে পারব না। তবে অবশ্যই নতুন চরিত্র যুক্ত হবে। সেইম চরিত্র নিয়ে পুরা সিজন করা সম্ভব না।”
সেই সঙ্গে তিনি বলেন, “আমি আসলে লেখাই শুরু করিনি। লিখতে বসলে তখন বোঝা যাবে।”
মহানগরের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন খায়রুল বাসার। বিডিনিউজ টোয়েন্টিফোরকে তিনি বলেন, “মহানগরের দ্বিতীয় পর্বের ঘোষণা তো পেয়েছি। খুব দ্রুতই কাজ শুরু হবে শুনেছি। এর বেশি কিছু জানি না। এটা পুরোপুরি নির্ভর করছে আশফাক নিপুন ভাইয়ের উপরে।”
ওয়েব সিরিজ মহানগর বাংলাদেশ-ভারত দুই দেশের বাংলা ভাষাভাষী দর্শকের যেমন প্রশংসা পেয়েছে; তেমনি আশফাক নিপুনও নানা পুরস্কার ঝুলিতে পুরেছেন।
