১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘ওপেনহাইমার’র যৌন দৃশ্যে গীতার শ্লোক! হলিউড বয়কটের ডাক

‘সেভ কালচার সেভ ইন্ডিয়া ফাউন্ডেশন’ সিনেমার নির্মাতাদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে।

‘ওপেনহাইমার’র যৌন দৃশ্যে গীতার শ্লোক! হলিউড বয়কটের ডাক

ক্রিস্টোফার নোলান পরিচালিত বায়োপিক ‘ওপেনহাইমার’

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2023, 04:20 PM

Updated : 24 Jul 2023, 04:20 PM

মুক্তির মধ্য দিয়ে বিতর্কের জন্ম দিল ক্রিস্টোফার নোলান পরিচালিত বায়োপিক ‘ওপেনহাইমার’। কিছুদিন আগেই সিনেমাটির সঙ্গে ভগবদ্গীতার যোগসূত্রের কথা শোনা গিয়েছিল। খবর ছড়িয়েছিল, সিনেমায় রবার্ট ওপেনহাইমারকে পরমাণু বোমা আবিষ্কারের উৎসাহ ভগবদ্গীতা থেকে পেতে দেখা গিয়েছে। 

যদিও সিনেমার মুক্তির পর দেখা মিলেছে ভিন্ন দৃশ্যের। আর তা নিয়েই চটেছেন হিন্দু ধর্মাবলম্বীদের একাংশ। 

এনডিটিভি বলেছে, সিনেমায় জিন টাটলকের সঙ্গে যৌন দৃশ্যে গীতা পাঠ করতে দেখা গেছে ওপেনহাইমারকে। গীতার শ্লোকের এমন প্রয়োগে রেগে আগুন মুষ্টিময় হিন্দু ধর্মাবলী মানুষেরা। তারা ‘হলিউড বয়কটের’ ডাক দিয়েছে, পাশাপাশি দৃশ্যটি সিনেমা থেকে বাদ দেয়ারও দাবি তুলেছে। 

ভারত সরকারের তথ্য কমিশনার উদয় মাহুরকার ‘সেভ কালচার সেভ ইন্ডিয়া ফাউন্ডেশন’ এর একটি সংবাদ বিজ্ঞপ্তি টুইটারে শেয়ার করে লিখেছেন, “সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) কীভাবে এই দৃশ্যের সাথে সিনেমাটিকে অনুমোদন করতে পারে?”

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সিনেমার একটি দৃশ্যে একজন নারী একজন পুরুষকে সঙ্গমরত অবস্থায় জোরে জোরে ভগবদ গীতা পড়তে বলেছেন। দৃশ্যটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অবিলম্বে তদন্ত করা উচিত এবং দৃশ্যটি নির্মাণকারী ব্যক্তিদের কঠোর শাস্তি নিশ্চিত করা উচিত।” 

ক্রিস্টোফার নোলান পরিচালিত আর রেটিং প্রাপ্ত ‘ওপেনহাইমার’ ভারতের সেন্সর বোর্ড ইউ/এ রেটিং পেয়েছে। মুক্তির আগে সিনেমার দৈর্ঘ্য কমাতে যৌন দৃশ্যের কিছু অংশ ফেলে দেন নির্মাতা। প্রতিবেদন অনুসারে নির্মাতারা নিজেরাই দৃশ্যগুলো ফেলে দিয়েছিলেন, কারণ তারা ভাবেননি সেন্সর বোর্ড সেগুলোর অনুমতি দেবে। 

সিনেমায় ওপেনহাইমারের চরিত্রে অভিনয় করেছেন কিলিয়ান মার্ফি এবং ট্যাটলকের চরিত্রে ফ্লোরেন্স পিউ।