Published : 01 Apr 2026, 08:57 PM
ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে গিয়ে সিনেমার ব্যর্থতা নিয়ে কথা বলেছেন শাকিব খান।
নিজের সিনেমাটি নিয়ে তার কথা, "সময় স্বল্পতায় সিনেমাটি ভালো হয়নি। তাড়াহুড়ো করে পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করতে হয়েছে, যার জন্য সিনেমাটি নিয়ে বেশ কিছু সীমাবদ্ধতা তাদের ছিল।"
রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্টের স্টার সিনেপ্লেক্সে মঙ্গলবার রাতে বিশেষ প্রদর্শনী শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শাকিব।
পরিচালককে উদ্দেশ্য করে শাকিব বলেন, "'প্রিন্স' সিনেমা মুক্তির প্রথম পাঁচ দিন আমরা মাল্টিপ্লেক্সে ছিলাম না, কিন্তু এরপর আমরা ২২টি শো পেয়েছি ভাই। দুইটা শো পাওয়ার কথা ছিল এত ব্যাড রিভিউয়ের পরে। এটাই হচ্ছে মানুষের ভালোবাসা।"

ব্যর্থতা নিয়ে শাকিব বলেন, “আমি এইটুকু মানছি যে প্রিন্স টিম পরিপূর্ণ সিনেমা আপনাদের দিতে পারেনি, দেশের মানুষের কাছে পৌঁছাতে পারেনি। কিন্তু বিশ্বাস করেন আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না। প্রথমেই আমরা ফেঁসে গিয়েছিলাম অনুমতি নিয়ে জটিলতায়। সেখানে তিন মাস চলে গেছে মানে শুটিংয়ের যে শিডিউল ছিল সেটাই চলে গেছে। তারপরেও সবার অক্লান্ত পরিশ্রম ছিল যে সিনেমাটা ভাবে কতটা পারফেক্টলি দেওয়া যায়।"
দুঃখ প্রকাশ করে এই অভিনেতা বলেন,"আমি যখন ‘প্রিন্স’ সিনেমার গল্প শুনেছি তখন মনে হয়েছিল এটি আমার জীবনের সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে। হয়ত সময় স্বল্পতার কারণে আমরা সেটা করতে পারিনি। এজন্য নির্মাতাসহ সবার পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি। আমি আমার পরবর্তী সিনেমাতে ত্রুটিগুলো খেয়াল করবো।"
সময় স্বল্পতায় কারিগরি সমস্যাগুলো ঠিক করা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন শাকিব।
তিনি বলেন, "সিনেমাটি নির্মাণে আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল যা আমি অকপটে স্বীকার করছি। কারিগরি দিক থেকে এটি দর্শকদের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেনি। টেকনিক্যাল সমস্যার কথা বলছে, কালার সমস্যা নিয়ে কথা বলছে। আমরা ঈদের আগের দিন পর্যন্ত শুটিং করেছি। যার কারণে সময়ের অভাবে অনেক ত্রুটি থেকে গেছে। হায়াত মাহমুদ অনেক ভালো ও মেধাবী একজন নির্মাতা। আমরা যদি উপযুক্ত সময় পেতাম তাহলে ভালো কিছু হতো।
"আমার জীবনের এইটা কোনো সিনেমা যেটার শুটিং ঈদের আগের দিন পর্যন্ত করেছি। তাসনিয়া ফারিণের সঙ্গে আইটেম গানের শুটিং ঈদের আগেই করেছি। এছাড়া পরী গানের শুটিং একদিনে শেষ করেছি। এগুলো হয়েছে শুধু সময়ের কারণে।"
শাকিব ছাড়াও এই বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন নির্মাতা আবু হায়াত মাহমুদ, প্রযোজক শিরিন সুলতানা, অভিনেত্রী তাসনিয়া ফারিণ, কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু, অভিনেতা এজাজুল ইসলাম, আজিজুল হাকিম ও জিনাত হাকিম, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহসহ অনেকে।

নব্বই দশকে ঢাকার অপরাধজগতকে কেন্দ্র করে তৈরি হয়েছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’।
পরিচালক আবু হায়াত মাহমুদের প্রথম সিনেমা এটি। তিনি এই সিনেমার গল্পে সাম্রাজ্য, প্রভাব ও অ্যাকশনের দৃশ্য তুলে ধরেছেন। সিনেমার টিজার প্রকাশ করে নির্মাতা লিখেছিলেন, এক শহর, এক শাসক। টিজারেও গ্যাংস্টারের রূপে দেখা গেছে শাকিবকে। যিনি অ্যাকশনের মেজাজে মেশিন গান হাতে গুলিতে ধরাশায়ী করে ফেলছেন প্রতিপক্ষ আর আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের।
এতে শাকিবের সঙ্গে অভিনয় করেছেন দুই নায়িকা ফারিণ ও জ্যোতির্ময়ী। আরও আছেন আলোচিত ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, এজাজ, শরীফ সিরাজসহ অনেকে।
আরও পড়ুন: