Published : 25 Mar 2026, 01:01 PM
নানা জটিলতার অবসান ঘটিয়ে নায়ক শাকিব খানের ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ চলছে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে।
সোশাল মিডিয়ায় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এ তথ্য জানিয়ে সিনেমার টিকেট বুক করার অনুরোধ জানিয়েছে।
‘প্রিন্স’ সিনেমার স্টার সিনেপ্লেক্স চলার কথা ছিল ঈদের দিন থেকেই। কিন্তু সিনেমা চালানোর জন্য ডিসিপি (ডিজিটাল সিনেমা প্রজেকশন) ফাইল কর্তৃপক্ষের হাতে সময়মত পৌঁছায়নি। তাই ‘প্রিন্স’ এর জায়গায় অন্য সিনেমা তাদের চালাতে হয়েছে।

ঈদের দিন গেল শনিবার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ গ্লিটজকে বলেছিলেন, “'প্রিন্স' সিনেমার ফাইল আমরা এখনো হাতে পাইনি। কোনো শো চালানো হয়নি। সেই জায়গায় অন্য সিনেমা চলছে। এই ঘটনাটা খুবই দুঃখজনক।”
ডিসিপি-সংক্রান্ত জটিলতা কাটিয়ে ‘প্রিন্স’ সিনেপ্লেক্সে আসে মঙ্গলবার। ওইদিন বসুন্ধরা সিটি শপিং মল শাখায় বিকেল ৫টা ২০ মিনিটে প্রথম শো ছিল।
কেবল সিনেপ্লেক্স নয় নতুন সার্ভার সিস্টেমের জটিলতা, লাইসেন্স না পৌঁছানো এবং প্রযুক্তিগত সমস্যার কারণে বগুড়া, মাদারীপুর, সৈয়দপুরসহ দেশের বিভিন্ন জায়গার ‘অর্ধশতাধিক হলে’ সকালের শো ‘বাতিল হয়েছে’ বলে জানিয়েছিলেন প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল।
শাকিবের সিনেমা দেখতে না পেরে ক্ষেপে গিয়ে কিছু জায়গায় প্রেক্ষাগৃহে ভাঙচুরও করেছে মানুষ। দর্শক প্রবেশের পরেও সিনেমা চালাতে না পারায় অনেক জায়গায় টিকেটের টাকা ফেরত দিতে হল মালিকরা বাধ্য হন।
নব্বই দশকে ঢাকার অপরাধজগতকে কেন্দ্র করে তৈরি হয়েছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’।

পরিচালক আবু হায়াত মাহমুদের প্রথম সিনেমা এটি। তিনি এই সিনেমার গল্পে সাম্রাজ্য, প্রভাব ও অ্যাকশনের দৃশ্য তুলে ধরেছেন। সিনেমার টিজার প্রকাশ করে নির্মাতা লিখেছিলেন, এক শহর, এক শাসক। টিজারেও গ্যাংস্টারের রূপে দেখা গেছে শাকিবকে। যিনি অ্যাকশনের মেজাজে মেশিন গান হাতে গুলিতে ধরাশায়ী করে ফেলছেন প্রতিপক্ষ আর আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের।
শাকিবের সঙ্গে অভিনয় করেছেন দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর। আরও আছেন আলোচিত ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য।
সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ অনেকে।