মেরিল-প্রথম আলো পুরস্কার: আজীবন সম্মাননা পেলেন নায়ক আলমগীর
এবারে ৮টি জনপ্রিয় ক্যাটাগরিতে ৩২ জন এবং ১২টি ক্রিটিক ক্যাটাগরিতে ৩৬ জন শিল্পী মনোনয়ন পান।
ঢাকাই সিনেমার নায়ক আলমগীর হোসেনকে মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আসরে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে।
বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার অনুষ্ঠিত হয় ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫’। সেখানেই অভিনেতা আলমগীরের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
পুরস্কারের তালিকায় এ বছর সেরা অভিনেতা হিসেবে স্বীকৃতি পান আফরান নিশো, সেরা অভিনেত্রী হয়েছেন তমা মির্জা এবং সেরা নবীন অভিনয়শিল্পী হিসেবে সম্মাননা অর্জন করেন শাম্মি ইসলাম নীলা।
এছাড়া, সংগীতে অবদানের জন্য ব্যান্ডসংগীতের নগরবাউল খ্যাত তারকা শিল্পী মাহফুজ আনাম জেমসকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। তার হাতে পুরস্কার তুলে দেন অঞ্জন চৌধুরী।
এবারের আসরের উপস্থাপনায় ছিলেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।
প্রতি বছর ‘প্রথম আলোর' সঙ্গে যৌথভাবে এই আয়োজনের মাধ্যমে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত অঙ্গনের কৃতী শিল্পীদের স্বীকৃতি জানিয়ে আসছে মেরিল।
২০২৫ সালে নিজেদের কাজের মাধ্যমে ৮টি জনপ্রিয় ক্যাটাগরিতে ৩২ জন এবং ১২টি ক্রিটিক ক্যাটাগরিতে ৩৬ জন শিল্পী মনোনয়ন পান। দর্শকের ভোটে নির্বাচিত এবং জুরিদের মূল্যায়নে মনোনীত কৃতী শিল্পীদের হাতেই তুলে দেওয়া হয় এবারের পুরস্কার।
অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাঈদ বলেন, “এই আয়োজন শুধু পুরস্কার প্রদান নয়, বরং আমাদের সংস্কৃতি ও সৃজনশীল মানুষদের সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ ভবিষ্যতেও শিল্প ও বিনোদন অঙ্গনের বিকাশে ভূমিকা রাখবে।”
বিনোদন অঙ্গনে বছরের সেরা কাজের স্বীকৃতি হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কারের এ আয়োজন শুরু হয়েছিল ১৯৯৯ সালে। এরপর থেকে প্রতি বছরই এই পুরস্কার দেওয়া হয়।
