১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১৬ বছর আগে ধারণ করা ‘ইত্যাদি’ ফের পর্দায়

বিটিভির পর্দায় শুক্রবার রাত ৮টায় প্রচার হবে পর্বটি।

১৬ বছর আগে ধারণ করা ‘ইত্যাদি’ ফের পর্দায়
'ইত্যাদির' দৃশ্য। ছবি: ইত্যাদির সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2025, 04:12 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

দেড় দশকেরও বেশি সময় আগে ধারণ করা ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদির' এক বিশেষ পর্ব সংকলিত করে নতুন করে প্রচার করা হচ্ছে।      

শুক্রবার রাত ৮টায় বাংলাদেশ টেলিভিশন-বিটিভির পর্দায় দেখা যাবে পর্বটি। ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের সামনে ধারণ করা হয়েছিল পর্বটি।

‘ইত্যাদির' দৃশ্য। ছবি: ইত্যাদির সৌজন্যে।

‘ইত্যাদির' দৃশ্য

অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনায় আছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন আর স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

ফাগুন অডিও ভিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০০৯ সালের অগাস্টে প্রথম প্রচার হয়েছিল ‘ইত্যাদির' এই পর্ব। আহসান মঞ্জিলের সামনে উন্মুক্ত মঞ্চে ধারণ করা হয়েছিল এটি। শতাব্দীপ্রাচীন এই ভবন একসময় ছিল ঢাকার নবাবদের রাজকীয় আবাস ও জমিদারির সদর কাচারি।

‘ইত্যাদির' দৃশ্য। ছবি: ইত্যাদির সৌজন্যে।

‘ইত্যাদির' দৃশ্য

অনুষ্ঠানটির এই পর্বে টাঙ্গাইলে ধারণ করা পর্ব থেকে সংকলন করা হয়েছে বৃষ্টি নিয়ে লেখা একটি আবেগঘন গান, যেটি গেয়েছেন সামিনা চৌধুরী। গানের কথা লিখেছেন গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন আলী আকবর রুপু।

বরাবরের মত ‘ইত্যাদির' এই পর্বেও রয়েছে সামাজিক বার্তাবহ কয়েকটি বিশেষ প্রতিবেদন। নীলফামারীর সীমান্তবর্তী গ্রাম ডিমলার প্রতিবন্ধী নারী বানু আক্তারের জীবনের সংগ্রাম ও সাহস নিয়ে নির্মিত হয়েছে একটি মানবিক প্রতিবেদন। নাটোরের লক্ষণবাড়িয়া গ্রামের মো. জাকির হোসেন ও তার ‘আম চিঠি’ সংক্রান্ত উদ্যোগ নিয়ে থাকছে একটি ব্যতিক্রমী প্রতিবেদন।

‘ইত্যাদির' দৃশ্য। ছবি: ইত্যাদির সৌজন্যে।

‘ইত্যাদির' দৃশ্য

রয়েছে নিদর্শন সংগ্রাহক আবদুস সামাদ মন্ডলের সংগ্রামী জীবনের অনুসন্ধানী চিত্র, যিনি জীবনের অর্ধেক সময় ব্যয় করেছেন প্রাচীন নিদর্শন সংগ্রহে। দেখা যাবে তাজমহল নিয়ে ভারতের আগ্রা থেকে প্রেরিত একটি বিদেশি তথ্যবহুল প্রতিবেদনও।

বিদ্রুপাত্মক নাট্যাংশ, সামাজিক অসংগতি ও সমসাময়িক বাস্তবতা নিয়ে নির্মিত ‘ইত্যাদির' বিভিন্ন পর্ব থেকে নির্বাচিত কিছু নাট্যাংশ তুলে ধরা হবে এই সংকলিত পর্বে। পাশাপাশি থাকবে জনপ্রিয় বিভাগ নানি-নাতি, মামা-ভাগনে, দর্শক পর্ব ও চিঠিপত্র।