১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ওটিটিতে ‘বাড়ির নাম শাহানা’

নব্বইয়ের দশকের রক্ষণশীল পরিবেশের বিপরীতে দৃঢ়চেতা এক নারীর বেঁচে থাকার গল্প তুলে ধরা হয়েছে সিনেমায়।

ওটিটিতে ‘বাড়ির নাম শাহানা’
‘বাড়ির নাম শাহানা’ সিনেমার দৃশ্য। ছবি: আইএমডিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 10:30 AM

Updated : 17 Sep 2026, 02:57 AM

বিচ্ছেদের পরও নিজের মত করে বাঁচতে চাওয়া এক নারীর অদম্য লড়াইয়ের গল্প নিয়ে তৈরি সিনেমা ‘বাড়ির নাম শাহানা’ এবার দেখা যাবে ঘরে বসে।

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে বৃহস্পতিবার থেকে দেখা যাবে সিনেমাটি।

পরিচালক লিসা গাজী বলেন, “সিনেমার গল্প বাস্তব ঘটনার প্রতিচ্ছবি, যেখানে ভালো ও মন্দের সরল সংজ্ঞার বাইরে গিয়ে অতি চেনা জগতের একজন সাধারণ নারীর গল্প বলা হয়েছে। সত্য কাহিনী অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি নব্বইয়ের দশকের এক রক্ষণশীল মফস্বলের আবহের বিপরীতে দৃঢ়চেতা এক নারীর বেঁচে থাকার পথ অন্বেষণ করে।”

গত বছরের সেপ্টেম্বরে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছিল। এর আগে দেখানো হয়েছে লন্ডন, শিকাগো, মেলবোর্ন, বার্মিংহাম, রোম ও মুম্বাইয়ে।

চলচ্চিত্রটির প্রধান চরিত্র দীপা, যিনি কোনোভাবেই চান না বিচ্ছেদের পর পরিবার বা সমাজ তার জীবনকে নিয়ন্ত্রণ করুক। রক্ষণশীল শহরে বড় হওয়ার পরও দীপা সমাজের কূপমণ্ডূকতা পুরোপুরি অস্বীকার করে নিজের মত করে বেঁচে থাকতে চায়।

এ সিনেমার বেশিরভাগ চিত্রগ্রহণ করা হয়েছে বাংলাদেশে, কিছু অংশের শুটিং হয়েছে যুক্তরাজ্যে।

দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দীকা। জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নীসহ অনেকে অভিনয় করেছেন।

লীসা গাজীর সঙ্গে যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য করেছেন আনান সিদ্দীকা।