Published : 17 May 2025, 05:21 PM
মুক্তি পেয়েছে কলকাতার জনপ্রিয় গোয়েন্দা সিরিজের চরিত্র একেন বাবুর সিনেমা ‘দি একেন: বেনারসে বিভীষিকা’।
আর এর মাধ্যমে অনির্বাণ চক্রবর্তী দর্শকের সামনে ‘একেন বাবু’ হয়ে আসলেন ১১ বার। ২০১৮ থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচইয়ে’ চলছে ‘একেন বাবু’; কখনো সিরিজ আকারে, কখনোবা চলচ্চিত্রে।
তবে এই চরিত্রটার মধ্যে প্রতিবার তিনি ‘নতুনত্ব খুঁজে পান’ বলে জানিয়েছেন অনির্বাণ; যা তার কাছে বড় প্রাপ্তি বলেও ভাষ্য অনির্বাণের।

কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়’কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন অভিনেতা।
একেন বাবু চরিত্রটি নিয়ে একেঘেয়েমির শিকার হয়েছেন কী না জানতে চাইলে অনির্বাণ বলেন, “একেনের পাশাপাশি আমি অন্য যে চরিত্রগুলো করি, সেগুলো অনেকটা এক্সপেরিমেন্টাল। তাই বোর হওয়ার কোনও অবকাশই নেই। একজন অভিনেতার কাছে এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে।”
‘একেন বাবুর’ মত জনপ্রিয় চরিত্রটির গ্রহণযোগ্যতা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে অনির্বাণ বলেছেন, বিষয়টি ‘নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জ’।
তিনি বলেন, “তবে এখন আর অসুবিধা হয় না। অনেকে ভিড়ের মধ্যে একেনবাবু বলেই ডাকেন, আমিও তাদের সাড়া দিই। ভালোই লাগে। এটাও তো ভালোবাসার বহিঃপ্রকাশ।
“তবে এ ক্ষেত্রে আরও একটা কথা আমি বলতে চাইব, আমি যে নানা রকমের চরিত্র করার সুযোগ পেয়েছি, সেটাও মানুষ অ্যাকসেপ্ট করেছেন।”

একেন বাবুর মত চরিত্র বাস্তবে আশেপাশে দেখা গেলে অনির্বাণ কী করতেন জানতে চাইলে তিনি বলেন, “একেবারেই পছন্দ করতাম না আমার আশেপাশে এ রকম চরিত্র ঘোরাফেরা করলে। বিরক্তই হতাম। অসহ্য।”
অনির্বাণ চক্রবর্তী কী রাশভারি মানুষ? উত্তরে তিনি বলেছেন, খুব রাশভারী না হলেও একেনের সঙ্গে তার কোনো ‘মিল নেই’। এক সময়ে শিক্ষকতা করা অনির্বাণ ব্যক্তিগত বিষয় নিয়ে বেশি কথা বলতেও পছন্দ করেন না বলে জানিয়েছেন।

সবচেয়ে অমিলের জায়গা তুলে ধরে অনির্বাণ বলেন, “একেনের সঙ্গে আমার আরও একটা অমিল হচ্ছে, আমি একেবারে ফুডি না। খেতে আমার একদম ভালো লাগে না। আমি মাটন খাই না, মিষ্টি খাই না। কথা কম বলি, মানুষ ভাবেন আমার চরিত্রটা একেনবাবুর মতই। কিন্তু আমি একেবারেই তার উল্টো।
বলিউড যাত্রা নিয়ে অনির্বাণের কথা, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি থেকেই তিনি ভালো কাজের প্রস্তাব পেয়েছেন বেশি।
“বলিউড থেকে ডাক এলেও তেমন গুরুত্বপূর্ণ চরিত্রের ডাক আমার আসেনি। তাই শুধু বলিউডে কাজ করতে হবে বলেই সিনেমা আমি করব না। এখানে আমার সঙ্গে যে ট্রিটমেন্ট বা গুরুত্বটা দেওয়া হয় তেমন কিছু পেলে নিশ্চয়ই বলিউডে কাজ করব।”
‘দি একেন: বেনারসে বিভীষিকা’ পরিচালনা করছেন জয়দীপ মুখোপাধ্যায়। দৃশ্য ধারণের কাজ হয়েছে বেনারস ও কলকাতা মিলিয়ে।

সিনেমায় একেন বাবুর দুই সঙ্গী বাপি বাবু এবং প্রমথ বাবুর চরিত্রে অভিনয় করেছেন সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ। খল চরিত্রে এসেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। এছাড়া বিশ্বনাথ বসু, ইশা সাহা, গৌরব চক্রবর্তী, ঋষভ বসু, দেবেশ চট্টোপাধ্যায়সহ আরো অনেকে এই সিনেমায় অভিনয় করেছেন।
‘একেন বাবুর’ সিনেমা-সিরিজ ছাড়াও এছাড়া ‘পানির বোতল’, ‘লালবাজার’, ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’, ‘ব্যাধ’সহ আরও কয়েকটি ওয়েব সিরিজেও কাজ করেছেন অনির্বাণ।
গেল বছর মুক্তি পেয়েছে তার সিনেমা ‘প্রধান’।

এছাড়া পরিচালক সৃজিত মুখার্জির ‘ফেলুদা ফেরত’ ও ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ নামের সিরিজেও ‘জটায়ু’ চরিত্র করে সুনাম কুড়িয়েছেন থিয়েটার করা অভিনেতা অনির্বাণ।